মাস্টারি বিডি । মাহবুব আহসান শিমুল
ঢাকা । ০৩ জুলাই ২০১৮ । ১৯ আষাঢ় ১৪২৫
রবীন্দ্রসঙ্গীতের দু’টি অ্যালবাম আজ মঙ্গলবার প্রকাশিত হচ্ছে। শিমু দে’র কণ্ঠে ‘তোমায় আমায় মিলে’ এবং অভয়া দত্তের কণ্ঠে ‘আলোক মালার সাজে’ অ্যালবাম দু’টি বেঙ্গল ফাউন্ডেশন প্রকাশ করছে।
আজ সন্ধ্যায় ছায়ানট মিলনায়তনে অ্যালবাম দু’টির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হবে। মোড়ক উন্মোচন করবেন লেখক ও সাংবাদিক আনিসুল হক এবং ইস্ট ওয়েস্ট বিশ্বদ্যিালয়ের উপ-উপাচার্য ড. ফখরুল আলম।
প্রকাশনা অনুষ্ঠানে শিল্পীদ্বয় নিজ কণ্ঠে অ্যালবামের গান গেয়ে শোনাবেন। শিমু দে’র ‘তোমায় আমায় মিলে’ অ্যালবামটিতে ‘পুরানো জানিয়া চেয়ো না..’; ‘কেন আমারে পাগল করে যাস..’; ‘মাঝে মাঝে তব দেখা পাই..’; ‘কে বসিলে আজি হৃদয়াসনে..’; ‘আমি তোমায় যত শুনিয়েছিলাম গান..’; ‘যাবার বেলা শেষ কথাটি যাও বলে..’; ‘ফুল বলে, ধন্য আমি মাটির ’পরে..’ এবং ‘তোমার হলো শুরু, আমার হলো সারা..’ গানগুলো রয়েছে।

অ্যালবাম ও শিল্পী শিমু দে প্রসঙ্গে আনিসুল হকের ভাষ্য, শিল্পী শিমু দে’র ‘তোমায় আমায় মিলে’ সার্থকনামা। একাকী গায়কের নহে তো গান, মিলিতে হবে দুইজনে গাহিবে একজন খুলিয়া গলা, আরেকজন গাবে মনে।
এই এ্যালবামে রবীন্দ্রনাথের প্রেমের গান আছে, পূজার গান আছে, রবীন্দ্রসঙ্গীতে প্রেম আর পূজা যে মিলেমিশে থাকে, তাও আমরা জানি। শিমু দে’র এই গানগুলোয় বাণী আর সুর একাকার, সঙ্গীত আয়োজন আর শিল্পীর পরিবেশনা মিলেমিশে গড়ে উঠেছে এক অপূর্ব শিল্পসৃষ্টি। গানের সঙ্গে মিশে গেছেন শিল্পী, তার সঙ্গে মিলেমিশে যাবেন শ্রোতারা। হিমাদ্রী শেখরের যন্ত্রানুষঙ্গ পরিচালনায় এই আয়োজন হয়ে উঠেছে অপরূপ। অভিবাদন, শিল্পী শিমু দে।
অভয়া দত্তের ‘আলোকমালার সাজে’ অ্যালবামটির সংকলিত গানের তালিকায়- ‘আমি যে আর সইতে পারি নে..’; ‘বাজিল, কাহার বীণা মধুর স্বরে..’; ‘আজি এ নিরালা কুঞ্জে..’; ‘বাজাও রে মোহন বাঁশি..’; ওগো কিশোর, আমি তোমার দ্বারে..’; ‘দূরদেশী সেই রাখাল ছেলে..’; ‘দিনশেষের রাঙা মুকুল জাগল চিতে..’ এবং ‘আমার একটি কথা বাঁশি জানে..’ গানগুলো রয়েছে।

অ্যালবাম ও শিল্পী অভয়া দত্তকে নিয়ে মিতা হকের মন্তব্য, অভয়া দত্তের কিশোর বয়সের গান শুনেছিলাম দীর্ঘদিন আগে সিলেটের গুণী কবি তুষার করের বাড়িতে। শ্রীমঙ্গলের এই মেয়েটির গায়নরীতি উপভোগ করতে পেরে বেশ চমকে গিয়েছিলাম।
জানলাম, অভয়ার হাতেখড়ি হয়েছে পণ্ডিত রাসবিহারী চক্রবর্ত্তীর কাছে, রবীন্দ্রসঙ্গীতেই। এদেশের সুস্থধারার সংস্কৃতিচর্চার পরিমণ্ডলে তার বেড়ে ওঠা। অভয়ার প্রধান ও প্রথম শিক্ষক বড়ভাই অসীম দত্ত। অসাধারণ মেধাবী ও সুরেলা কণ্ঠের অধিকারী অসীম সঙ্গীতগুরু ওয়াহিদুল হকের সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের প্রশিক্ষণ কাজে যুক্ত থেকে নিজের সঙ্গীত চেতনা ও দক্ষতাকে শাণিত করেছেন। তারই নিবিড় পরিচর্যায় অভয়ার আজকের এই মনোমুগ্ধকর পরিবেশনা, যা শুনে শ্রোতার মন মধুর প্রশান্তিতে ভরে ওঠে। অভয়া ছায়ানট সঙ্গীতবিদ্যায়তন থেকে কৃতিত্বের সঙ্গে সার্টিফিকেট কোর্স সম্পন্ন করেছেন। ব্যক্তিগতভাবে আমার ও পার্থসারথী সিকদারের কাছেও গান শিখেছেন। অভয়া দত্ত জাতীয় রবীন্দ্রসঙ্গীত সম্মিলন পরিষদের সঙ্গে যুক্ত এবং ছায়ানটে রবীন্দ্রসঙ্গীত বিভাগে শিক্ষকতা করছেন। তার জন্য শুভ কামনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম