মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৩ ফেব্রুয়ারি ২০১৭ । ১১ ফাল্গুন ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বর্তমানে অন্ন, বস্ত্র, চিকিৎসা, শিক্ষা ও বাসস্থানের মৌলিক চাহিদা পূরণ সম্ভব হয়েছে। এখন মৌলিক চাহিদাগুলোর গুণগতমান বৃদ্ধি করা আমাদের গুরুত্বপূর্ণ কাজ।
তিনি বুধবার প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭ উপলক্ষে এক বাণীতে একথা বলেন। সংবাদ বাসস-এর্
প্রধানমন্ত্রী বলেন, প্রাণিসম্পদ সামগ্রিক কৃষির অন্যতম অনুষঙ্গ। আমিষের চাহিদা পূরণ, কর্মসংস্থান সৃষ্টি, রপ্তানি আয় বৃদ্ধি ও নারীর ক্ষমতায়নে প্রাণিসম্পদ খাতের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে।
তিনি বলেন, বাংলাদেশ আওয়ামী লীগ ২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রাণিসম্পদ উন্নয়নে বিভিন্ন পদক্ষেপ নিয়েছে। ডেইরি খাতের উন্নয়নের লক্ষ্যে আমরা ২০০ কোটি টাকার আবর্তক তহবিল গঠনের মাধ্যমে ৫ শতাংশ সুদে ঋণ প্রদান কার্যক্রম চালু করেছি। প্রাণিসম্পদ বিষয়ক গবেষণায় বরাদ্দ বৃদ্ধি করা হয়েছে। এরফলে অর্থনৈতিক উন্নয়নে এ খাতের ভূমিকা বৃদ্ধি পেয়েছে। ২০১৫-২০১৬ অর্থবছরে জিডিপিতে প্রাণিসম্পদ খাতের অবদান ছিল ১.৬৬ শতাংশ এবং প্রবৃদ্ধির হার ৩.২১ শতাংশ। মোট কৃষিজ জিডিপিতে এ খাতের অবদান ছিল ১৪.২১ ভাগ। তিনি বলেন, জিডিপিতে প্রাণিসম্পদের ক্রমবর্ধমান অবদান, নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন এবং সম্প্রসারণমান ভেটেরিনারি সেবা খাদ্যপুষ্টি নিশ্চিতকরণে আমাদের আশাবাদী করছে।
শেখ হাসিনা বলেন, ‘গুণগত সেবা, ই-সার্ভিস, নিরাপদ প্রাণিজাত খাদ্য উৎপাদন এবং প্রযুক্তি উদ্ভাবনের মাধ্যমে আরো উন্নত প্রাণিস্বাস্থ্য সেবা নিশ্চিতকরণের মাধ্যমে সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন পূরণ হোক প্রাণিসম্পদ উন্নয়নের মূলমন্ত্র- এ আমার প্রত্যাশা।’
প্রধানমন্ত্রী প্রাণিসম্পদ অধিদপ্তর প্রথমবারের মতো ৫ দিনব্যাপী ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭’ উদযাপন করতে যাচ্ছে জেনে সন্তোষ প্রকাশ করে এ উপলক্ষে এই অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারি, গবেষকসহ সংশ্লিষ্ট সকলকে আন্তরিক শুভেচ্ছা জানান।
তিনি ‘প্রাণিসম্পদ সেবা সপ্তাহ-২০১৭’ এর সার্বিক সাফল্য কামনা করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম