মাস্টারি বিডি ডটকম
গাজীপুর । ০৭ ফেব্রুয়ারি ২০১৭ । ২৫ মাঘ ১৪২৩
সিলেটে সাবেক ব্রিটিশ হাইকমিশনার আনোয়ার চৌধুরীর উপর গ্রেনেড হামলার ঘটনায় হরকাতুল জিহাদ নেতা মুফতি আব্দুল হান্নানের মৃত্যু পরোয়ানা তাকে পড়ে শোনানো হয়েছে।
মৃত্যুদণ্ডপ্রাপ্ত অপর দুই আসামি হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ (হুজি-বি) সদস্য শরিফ শাহেদুল আলম ওরফে বিপুল এবং দেলোয়ার হোসেন ওরফে রিপনকেও মৃত্যু পরোয়ানা পড়ে শোনানো হয়।
আজ মঙ্গলবার সকালে কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মো. মিজানুর রহমান এ কথা জানান। সংবাদ বাসস-এর।
তিনি জানান, আইনগত সব প্রক্রিয়া শেষ করে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্তের পর পরবর্তী পদক্ষেপ নেয়া হবে।
গত ১৭ জানুয়ারি আপিল বিভাগের ৬৫ পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করা হয়। নিয়ম অনুযায়ী পূর্ণাঙ্গ রায় প্রকাশের ৩০ দিনের মধ্যে আসামি পক্ষকে পুনর্বিবেচনার আবেদন করতে হবে।
এ মামলার বাকি দুই আসামি মহিবুল্লাহ ও আবু জান্দালকে হাইকোর্ট যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছিলেন। আপিল না করায় তাদের ওই সাজাই বহাল রয়েছে। দণ্ডিত পাঁচ আসামির সবাই কারাগারে রয়েছে।
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যাচেষ্টাসহ হরকাতুল জিহাদের ১৩টি নাশকতামূলক ঘটনায় শতাধিক ব্যক্তিতে হত্যার পেছনের মূল ব্যক্তি বলা হয় মুফতি হান্নানকে। গোপালগঞ্জের কোটালীপাড়ায় মুফতি হান্নানের বাড়ি। ২০০০ সালের ২০ জুলাই সেই কোটালীপাড়াতেই শেখ হাসিনার সভামঞ্চের কাছে ৭৬ কেজি ওজনের বোমা পুঁতে রাখা হয়। মুফতি হান্নান ওই মামলারও আসামি।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম