মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২০ ফেব্রুয়ারি ২০১৮ । ০৮ ফাল্গুন ১৪২৪
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরকে ঢেলে সাজানোর উদ্যোগ নেয়া হয়েছে।
এলক্ষ্যে মাদক ও এ সম্পর্কিত ব্যবসা ও কর্মকাণ্ড প্রতিরোধে সংস্থাটিকে অধিকতর দক্ষ ও কার্যকর করতে নতুন জনবল কাঠামো, আগাম তথ্য সংগগ্রহের জন্য গোয়েন্দা শাখা শক্তিশালী করা, আগ্নেয়াস্ত্র, র্যাঙ্কব্যাজসহ ইউনিফরম, নতুন আইন ও নতুন চাকরি বিধির প্রস্তাব করা হয়েছে।
এ প্রসঙ্গে অধিদফতরটির মহাপরিচালক (ডিজি) মোহাম্মদ জামাল উদ্দিন আহমেদ সোমবার সংবাদমাধ্যমকে বলেন, আমরা পর্যাপ্ত স্টাফের জন্য বর্তমান জনবল ১৭০৬ থেকে বৃদ্ধি করে ৮৫০৫ জন এবং গোয়েন্দা শাখা শক্তিশালী করার প্রস্তাব দিয়েছি। খবর বাসস-এর।
এছাড়া অস্ত্রধারী মাদক ব্যবসায়ীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা খুবই খুঁকিপূর্ণ। এজন্য আগ্নেয়াস্ত্রের প্রস্তাব করা হয়েছে। অবশ্য আগ্নেয়াস্ত্র প্রদানের ব্যাপারে সরকার নীতিগতভাবে সম্মত হয়েছে। প্রস্তাবে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ডের বিধান রয়েছে। এতে ইয়াবা ব্যবসাকে অন্তর্ভুক্ত করা হয়েছে। হুকা-ছিলিম মাদকদ্রব্যের তালিকাভুক্তি এবং বিভাগীয় শহরে ২শ’ শয্যার নিরাময় কেন্দ্র নির্মাণেরও প্রস্তাব করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের প্রধান বলেন, এই সামাজিক অভিশাপের হাত থেকে রেহাই পেতে কেবল একটি সংস্থাই যথেষ্ট নয়। এজন্য সকলকে নিজ নিজ অবস্থান থেকে সামাজিক সচেতনতা বৃদ্ধিতে এগিয়ে আসতে হবে।
সংস্থাটির পরিচালক (অপারেশন) সৈয়দ তৌফিক উদ্দিন আহমেদ বলেন, সংস্থাটির সক্ষমতা বাড়াতে ১৮ থেকে ২০টি প্রস্তাব পাঠানো হয়েছে। তিনি বলেন, জাতীয়ভিত্তিক ওয়্যারলেস নেটওয়ার্ক ও বিভাগীয় শহরগুলোতে ৪টি কেমিক্যাল ল্যাবরেটরী স্থাপন, প্রশিক্ষণ, জেলা কার্যালয়গুলোতে একটি করে যানবাহন, অনলাইনে সংস্থাটির ৩৭টি সেবার ব্যবস্থা এবং মাদকদ্রব্য সনাক্তের নতুন মেশিন কেনার প্রস্তাব দেয়া হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম