…জমি সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে। যেন খেতজুড়ে থোকা থোকা স্বর্ণপুষ্প ফুটে আছে। ওইসব এলাকায় মাঠভরা হলুদ বর্ণ ফুলের গন্ধে চারদিক আমোদিত।…

মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
বগুড়া । ০৮ ডিসেম্বর ২০১৭ । ২৪ অগ্রহায়ণ ১৪২৪
বগুড়া জেলায় আগাম ফসল সরিষার ফুলে হলুদ হয়ে উঠেছে খেত। জেলার সারিয়াকান্দি, গাবতলী, ধুনট, দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও আদমদিঘি উপজেলার জমি সরিষার ফুলে ফুলে ভরে উঠেছে। যেন খেতজুড়ে থোকা থোকা স্বর্ণপুষ্প ফুটে আছে। ওইসব এলাকায় মাঠভরা হলুদ বর্ণ ফুলের গন্ধে চারদিক আমোদিত।

জেলায় চলতি মৌসুমে ১৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। আরও কয়েক হেক্টর জমিতে চাষ হবে বলে জানা গেছে।
জানা গেছে, এবার সময়মত সরিষার চাষ হয়েছে। আগামজাতের সরিষা যে সব এলাকায় চাষ হয়েছে সেখানে সরিষার ফুল ফুটে হলুদ বর্ণ ধারণ করেছে। শীতকাল এখনো পুরো না
এলেও আগামজাতের সরিষার চাষ হয়েছে বেশ।
বগুড়ার দুপচাঁচিয়া, নন্দীগ্রাম ও আদমদীঘি এলাকার চাষিরা সরিষা আবাদ বেশি করে থাকে। এবছর ভালো ফলন দেয় এমন জাতের উল্লেখযোগ্য পরিমাণ সরিষা চাষ হয়েছে। উচ্চফলনশীল এই জাত বেশি চাষবাস হলে কৃষি অফিসের প্রাথমিক লক্ষ্যমাত্রা ছাড়িয়ে উৎপাদিত হবে- এমনটাই আশা কৃষি কর্মকর্তাদের ।

শুধু ফলন টার্গেটই নয় পোকাপাকড় রোগবালাই দমনে সরিষা চাষিদের বিভিন্ন বিষয়ে পরামর্শ দেওয়া হচ্ছে। নভেম্বর মাসে সরিষা রোপণ এবং ডিসেম্বরের শেষ থেকে জানুয়ারি মাসের শুরুতেই ফলন ঘরে তুলবে চাষিরা। গত বছর আশানুরূপ ফলন ও ভালো দাম পাওয়ায় এবার বগুড়ার অধিকাংশ উপজেলায় সরিষার চাষ বেড়েছে।
জানা যায়, বগুড়া জেলায় এ পর্যন্ত ১৮ হাজার হেক্টর জমিতে সরিষা চাষ হয়েছে। তবে আরো বেশ কিছু জমিতে চাষাবাদ প্রক্রিয়াধীন রয়েছে। এর মধ্যে নন্দীগ্রাম উপজেলায় ৩ হাজার হেক্টর, আদমদীঘি উপজেলায় সাড়ে ৩ হাজার হেক্টর ও দুপচাঁচিয়া উপজেলায় ২৩১০ হেক্টর জমিতে সরিষা চাষ হচ্ছে। অল্প খরচে বেশি লাভ হওয়ায় অনেকেই সরিষা চাষে ঝুকে পড়ছে।
গাবতলীতে ১১২০ হেক্টর জমিতে সরিষা চাষ করছে কৃষকরা। এতে ১৫ হাজার মেট্রিক টনেরও বেশি সরিষা উৎপাদন হবে বলে জানা গেছে।

সারিয়াকান্দির ফুলবাড়ীর এক কৃষক জানান, বাড়তি ফসল হিসেবে সরিষা চাষ করছে তারা। অত্যাধুনিক পদ্ধতিতে উচ্চ ফলনশীল সরিষা চাষে কৃষককে পরামর্শ প্রদান ও সহায়তা করে আসছে কৃষি বিভাগ। সমস্ত খরচ বাদ দিয়ে কৃষকরা ভালোই অর্থ ঘরে তুলতে সক্ষম হবে বলে তারা প্রত্যাশা করছে। অন্য ফসলের চেয়ে সরিষা চাষ বেশ লাভজনক। বাড়তি ফসল হিসেবে এ অঞ্চলে সরিষা চাষ বেশ জনপ্রিয় হয়ে উঠেছে। সরিষা চাষ করে অনেক কৃষকের ঘুরছে ভাগ্যের চাকা। সংশ্লিষ্ট বিভাগের সহযোগিতা অব্যাহত থাকলে এবং সরিষার ভালো মূল্য পেলে এ অঞ্চলে সরিষা চাষ আরও বৃদ্ধি পাবে বলে আশা করছেন কৃষিবিদরা।
বগুড়া কৃষি সম্প্রসারণ অধিদপ্তর জানায়, আশা করা হচ্ছে গত বছরের চেয়েও এ বছর সরিষার ভাল ফলন হবে। সময়মত চাষাবাদ, উচ্চফলনশীল জাত, আবাহওয়া অনুকূলে থাকা ও চাষিদের মাঝে জৈব সার ব্যবহার বৃদ্ধি পাওয়ার কারণে লক্ষ্যমাত্রা ছাড়িয়ে যাবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম