মাস্টারি বিডি ডটকম
দিনাজপুর । ০৬ সেপ্টেম্বর ২০১৭ । ২২ ভাদ্র ১৪২৪
জাতীয় পুরস্কারসহ একাধিক পুরস্কারপ্রাপ্ত দেশের বিশিষ্ট নাট্যজন ও মুক্তিযোদ্ধা মো. শাহজাহান শাহ ইন্তেকাল করেছেন।
মঙ্গলবার ভোর পৌনে ৫ টায় দিনাজপুরের জিয়া হার্ট ফাউন্ডেশন হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৪ বছর। তিনি স্ত্রী, ২ পুত্র ও ১ কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
মঙ্গলবার বাদ যোহর তাঁর গ্রামের বাড়ি বিরল উপজেলার মকলেসপুর গ্রামে প্রথম নামাজে জানাজা এবং বাদ আছর শহরের গোর-এ শহীদ বড় ময়দানে দ্বিতীয় জানাজার পর ছানাপীর গোরস্তানে মরহুমকে দাফন করা হয়। জানাজার আগে পুলিশের একটি চৌকস দল বীর মুক্তিযোদ্ধা শাহজাহান শাহকে গোর-এ শহীদ বড় ময়দানে রাষ্ট্রীয় সালাম জানান।
সম্মিলিত সাংস্কৃতিক জোটের ভারপ্রাপ্ত জেলা সভাপতি, সাংস্কৃতিক প্রতিষ্ঠান নবরূপীর অর্ধশতকের টানা সাধারণ সম্পাদক, দিনাজপুর নাট্য সমিতির সহ-সভাপতি শাহজাহান শাহ ছিলেন সাংস্কৃতিক জগতের বিশিষ্ট সংগঠক ও শিল্পী। তাঁর লেখা ও অভিনীত নাটক সারা দেশে মঞ্চস্থ হয়েছে। নাট্যজন হিসেবে জাতীয় পুরস্কারসহ একাধিক পুরস্কারে তিনি সম্মানিত হয়েছেন।
তাঁর মরদেহ শেষ শ্রদ্ধা নিবেদনের জন্য বড়ময়দানের কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে রাখা হলে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধা জানান।
জাতীয় সংসদের হুইপ ইকবালুর রহিম, জেলা পরিষদের চেয়ারম্যান আজিজুল ইমাম চৌধুরী, বিএমএ’র সভাপতি ডাঃ মোঃ ওয়ারেস আলী সরকার ও সাধারণ সম্পাদক ডাঃ বি কে বোস, দিনাজপুর প্রেসক্লাবের সভাপতি স্বরূপ বকসী বাচ্চু ও সাধারণ সম্পাদক গোলাম নবী দুলাল, চেম্বারের সভাপতি রেজা হুমায়ুন ফারুক চৌধুরী শামীম, নাট্য সমিতির সভাপতি চিত্ত ঘোষ, সাধারণ সম্পাদক রেজাউর রহমান রেজু, শহর আওয়ামী লীগের সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোঃ খালেকুজ্জামান রাজু তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম