মাস্টারি বিডি ডটকম
রংপুর । ০৫ নভেম্বর ২০১৬ । ২১ কার্তিক ১৪২৩
বাংলাদেশ পুলিশের রংপুর রেঞ্জের ডিআইজি খন্দকার গোলাম ফারুক শুক্রবার নগরীর পুলিশ লাইন্স ভিআইপি হলরুমে তিন দিনব্যাপী আন্তর্জাতিক খ্যাতিসম্পূর্ণ ফটো সাংবাদিক পাভেল রহমানের সংবাদ চিত্র প্রদর্শনী ‘আমার ক্যামেরায়’ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে দেন।
গোলাম ফারুক বলেন, পাভেল রহমানের ছবিগুলো কালজয়ী ছবি। একেকটি ছবি, একেকটি ইতিহাস। তাঁর প্রতিটি ছবি কথা বলে। এই ছবিগুলোর প্রদর্শনী হলে নতুন প্রজন্ম ওই সময়ের বাংলাদেশ ও বিশ্বকে জানতে পারবে। ছবিগুলো দেখে অনেক কিছু শেখার আছে।
তিনি আরো বলেন, পাভেল রহমান এই ছবিগুলোর মাঝে কালজয়ী হয়ে বেঁচে থাকবেন।
সংবাদ চিত্র প্রদর্শনী উপলক্ষে উদ্বোধনী আলোচনা সভায় পাভেল রহমান বলেন, তিনি কর্মজীবন শুরু করেছেন মাত্র ষোল বছরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের একটি ছবি তোলার মধ্য দিয়ে। তিনি প্রথমে ছবি তুলতেন একেবারেই বাবার শখের সাথে শখ মিলিয়ে।
তিনি বলেন, তিনি পরে যখন কর্মজীবনে প্রবেশ করলেন, তখন ফটো সাংবাদিকতা অত্যন্ত কঠিন কাজ ছিলো। তিনি কর্মজীবনে ছবি তুলেছেন, যেসব ছবি দেশ ও বিশ্বকে জানায় যে এটি বাংলাদেশের ছবি।
পাভেল রহমান বলেন, তিনি সবসময় চেয়েছেন, তার চোখে যেন বিশ্বকে দেখা যায়।
তিনি নতুন প্রজন্মের উদ্দেশ্যে বলেন, ছবি তুলতে হবে মনের চোখ দিয়ে, অনুসন্ধানী চোখ দিয়ে। তাহলেই সেই ছবি কথা বলবে।
শুক্রবার পাভেল রহমানের তিনদিনব্যাপী সংবাদচিত্র প্রদর্শনীর উদ্বোধনী আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন রংপুরের পুলিশ সুপার মিজানুর রহমান, যুক্তরাষ্ট প্রবাসী পাভেল রহমানের বোনজামাই প্রকৌশলী আখতারুজ্জামান এবং বোন শাহীনা রহমান।
এসময় উপস্থিত ছিলেন কারমাইকেল কলেজের সাবেক অধ্যক্ষ অধ্যাপক ড. রেজাউল হক, ডা: মফিজুল ইসলাম মান্টু, পাভেল রহমানের বড় ভাই ডা: ওমর ফারুক, সহকারী পুলিশ সুপার আতাউর রহমান, অধ্যাপক শাহ আলম, কবি স্বাত্বিক শাহ আল মারুফ প্রমুখ।
উদ্বোধনী আলোচনা শেষে সংবাদ চিত্র প্রদর্শনী ফুলের ফিতা কেটে উদ্বোধন করেন পাভেল রহমানের মা মতিজা রহমান।
পাভেল রহমানের ৪১তম এই সংবাদচিত্র প্রদর্শনীতে তার দেশ বিদেশে তোলা প্রায় শতাধিক ছবি স্থান পায়। প্রদর্শনীতে পাভেল রহমানের ব্যবহৃত সকল ক্যামেরা, বিভিন্ন সময়ে ব্যবহৃত পরিচয়পত্র, সেই সময়ের ছবি পাঠানো জিনিসপত্র প্রদর্শিত হচ্ছে।
তিনদিনব্যাপী সংবাদচিত্র প্রদর্শনী শনিবার সকাল ১০ টা থেকে সন্ধ্যা ৭ টা এবং শেষদিন রোববার দুপুর থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত চলবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম