মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০২ জানুয়ারি ২০১৮ । ১৯ পৌষ ১৪২৪
দেশে প্রথমবারের মতো শুরু হলো ‘জাতীয় যন্ত্রসঙ্গীত উৎসব ২০১৮’।
সোমবার সন্ধ্যায় রাজধানীর শিল্পকলা একাডেমির নন্দনমঞ্চে অর্কেস্ট্রার বৃন্দাবাদনে এবং আতশবাজি, ফানুস ও বেলুন উড়িয়ে সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর ১০ দিনব্যাপি এ উৎসবের উদ্বোধন করেন। খবর বাসস-এর।
বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে উৎসবে বিশিষ্ট গীটার বাদক এনামুল কবীর বিশেষ অতিথি ছিলেন।
একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে স্বাগত বক্তৃতা প্রদান করেন সঙ্গীত গবেষক ও শিক্ষক কমল খালিদ।
অনুষ্ঠানে সংস্কৃতি মন্ত্রী বলেন, দেশে ক্রমাগত যন্ত্রসঙ্গীতের চর্চা কমে যাচ্ছে। বিদেশী যন্ত্রসঙ্গীতের আধিপত্যের কারণেই এমনটা ঘটছে উল্লেখ করে তিনি বলেন, এর কারণ অনুসন্ধানে সরকার নানা উদ্যোগ গ্রহণ করেছে এবং ও তা সমাধানেরও চেষ্টা চালিয়ে যাচ্ছে।
মন্ত্রী বলেন, দেশীয় বাদ্যযন্ত্রের ব্যবহার বৃদ্ধিতে সরকার ইতোমধ্যে জেলাওয়ারি যন্ত্রশিল্পীদের প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করেছে।
শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকী বলেন, ১০ দিনব্যাপি এ উৎসবে দেশের ৬৪টি জেলার ১২শ’ যন্ত্রশিল্পী অংশগ্রহণ করছে। এছাড়া প্রতিদিনই জাতীয় পর্যায়ে শিল্পীদের পরিবেশনাও থাকবে।
তিনি বলেন, দেশীয় প্রায় ৬শ’ বাদ্যযন্ত্রের অধিকাংশের ব্যবহারই এখন বিলুপ্তির পথে। তা পুনরুদ্ধারে একাডেমি এ উৎসবের আয়োজন করেছে।
সোমবার উৎসবের উদ্বোধনী সন্ধ্যায় জাতীয় পর্যায়ের শিল্পী এনামুল কবীর হাওয়াইন গীটার বাজিয়ে শোনান। বাংলাদেশ মিউজিক ফাউন্ডেশনের ( বিএমএফ) অর্কেস্ট্রা দল পরিবেশন করে ছন্দময় সুরের এক মায়াবী পরিবেশনা। এছাড়া চট্টগ্রাম, রংপুর ও নারায়ণগঞ্জ জেলার শিল্পীরা বাদ্যযন্ত্রে তাদের নান্দনিক পরিবেশনা তুলে ধরেন।
আজ মঙ্গলবার উৎসবের দ্বিতীয় দিনে জাতীয় পর্যায়ের শিল্পী ফিরোজ খান- সেতার, আবরার- বেহালা ও আজিজুল ইসলাম- বাঁশি বাজাবেন। অনুষ্ঠানে আরো থাকবে সুনামগঞ্জ, যশোর, রাজবাড়ী, নাটোর, বরগুনা ও মেহেরপুরের শিল্পীদের পরিবেশনা।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম