মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ০৮ মার্চ ২০১৭ । ২৪ ফাল্গুন ১৪২৩
প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ বুধবার সকালে তিনদিনের রাষ্ট্রীয় সফর শেষে ঢাকার উদ্দেশে রওয়ানা হয়েছেন।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি বিমান স্থানীয় সময় সকাল ১০ টা ১৫ মিনিটে হালিম জাকার্তার পারদোনা কুসুমা আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে। সংবাদ বাসস-এর।
ইন্দোনেশিয়ার শিল্পমন্ত্রী এয়ারলাঙ্গা হার্তাতো এবং ইন্দোনেশিয়ায় বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল আজমল কবীর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে বিদায় জানান।
প্রধানমন্ত্রী ইন্ডিয়ান ওসান রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) লিডার্স সামিটে যোগ দিতে গত সোমবার জাকার্তা যান।
সামিটের সাইড লাইনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো, শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনা, সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আর শাসসির সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন।
মঙ্গলবার সামিটের সাধারণ বিতর্ক সেশনে প্রধানমন্ত্রী তাঁর প্রদত্ত ভাষণে শান্তিপূর্ণ ও সমৃদ্ধ ভারত মহাসাগরের জন্য সামুদ্রিক সহযোগিতা জোরদার করতে নিবেদিত হয়ে কাজ করার জন্য ভারত মহাসাগর রিম এ্যাসোসিয়েশন (আইওআরএ) নেতৃবৃন্দের প্রতি আহবান জানান।
তিনি এ অঞ্চলের জন্য দক্ষ নাবিক পুল তৈরীতে বাংলাদেশে ভারত মহাসাগর কারিগরি ও বৃত্তিমূলক একটি বিশ্ববিদ্যালয় স্থাপনেরও প্রস্তাব করেন।
এছাড়া, ইন্দোরনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদোর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী বাংলাদেশ থেকে মিয়ানমারের শরণার্থীদের তাদের দেশে ফেরত পাঠানোর বিষয়ে ইন্দোনেশীয় সরকারের সহযোগিতা প্রত্যাশা করেন প্রধানমন্ত্রী।
এছাড়া শ্রীলংকার প্রেসিডেন্ট মৈত্রীপালা সিরিসেনার সঙ্গে বৈঠকে উভয় দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্য সম্প্রসারণে একটি ‘ফ্রি ট্রেড এ্যাগ্রিমেন্ট’ (এফটিএ) স্বাক্ষরের বিষয়ে এবং সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রীর সঙ্গে সেদেশে বাংলাদেশীদের গমনের জন্য ভিসা সহযীকরণের বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন।
দ্বিপাক্ষিক বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংযুক্ত আরব আমিরাতের প্রতিমন্ত্রী ড. মাইথা সালেম আর শাসসিরকে বাংলাদেশীদের, বিশেষ করে ব্যবসায়ীদের ভিসা সহজ করার কথা বলেন।
আজ বিকেলে প্রধানমন্ত্রীকে বহনকারি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিমানটি হযরত শাহজালাল (র:) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম