Home / জাতীয় / ‘তথ্যপ্রযুক্তিতে নারীরা দক্ষ হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে’
speaker+shirin+sharmin+mbd-2

‘তথ্যপ্রযুক্তিতে নারীরা দক্ষ হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজ হবে’

মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৬ এপ্রিল ২০১৮ । ১৩ বৈশাখ ১৪২৪

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, নারীরা তথ্যপ্রযুক্তিতে দক্ষ হলে ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণ সহজতর হওয়ার পাশাপাশি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধি অর্জিত হবে।

স্পিকার আজ বৃহস্পতিবার রাজধানীর ব্র্যাক সেন্টারে আয়োজিত ইন্টারন্যাশনাল গার্লস ইন আইসিটি ডে-২০১৮ উপলক্ষ্যে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি ক্ষেত্রে নারীদের অংশগ্রহণে প্রতিবন্ধকতা বিষয়ক গবেষণা উপস্থাপনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন।

তিনি বলেন, সুযোগ পেলে নারীরাও তথ্যপ্রযুক্তিতে সক্ষমতার সাথে অবদান রাখতে পারে। এজন্য তথ্য প্রযুক্তির সুফল সম্বন্ধে জনগণকে সচেতন করতে হবে। বিশেষ করে নারী ও প্রতিবন্ধীরাও যেন তথ্য প্রযুক্তিনির্ভর শিক্ষায় সম্পৃক্ত হতে পারে সে দিকে সজাগ দৃষ্টি দিতে হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এমপি।

শিরীন শারমিন বলেন, তথ্যপ্রযুক্তির সম্ভাবনা ও সুফল তুলে ধরলে তরুণ প্রজন্ম উদ্বুদ্ধ হবে। তথ্য প্রযুক্তি নির্ভর পেশায় সম্পৃক্ত হতে শিক্ষার্থীরা অনুপ্রাণিত হবে। কেউ যেন পিছিয়ে না পড়ে, এ বিষয়টি নজর দিয়ে ডিজিটাল ডিভাইড কমিয়ে আনলে তথ্য প্রযুক্তি নির্ভর কর্মসংস্থান সৃষ্টি হবে। ফলশ্রুতিতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর জন্য কর্ম অন্বেষণ সহজ হবে।

তিনি বলেন, নারীর ক্ষমতায়নে বাংলাদেশ এখন বিশ্বে রোল মডেল। প্রধানমন্ত্রী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বে নারীর ক্ষমতায়ন আজ দৃশ্যমান। পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ প্রতিষ্ঠার কাজও সমাপ্তির পথে।

শিরীন শারমিন চৌধুরী বলেন, বাংলাদেশ স্বল্পোন্নত দেশ হতে আজ উন্নয়নশীল দেশে পরিণত হয়েছে। শেখ রাসেল কম্পিউটার ল্যাব, ইউনিয়ন সেবা কেন্দ্র, আইটি পার্ক স্থাপন করার মাধ্যমে বাংলাদেশ সমগ্র বিশ্বের সাথে তাল মিলিয়ে আইটি সেক্টরে এগিয়ে যাচ্ছে। তথ্য প্রযুক্তির প্রসারের ফলে অতি শিগগিরই নতুন নতুন নারী উদ্যোক্তা তৈরি এবং তথ্য প্রযুক্তিনির্ভর অর্থনীতি মজবুত হবে।

জুনায়েদ আহমেদ পলক বলেন, প্রতি বছর ২০ লাখ তরুণ-তরুণী শ্রমবাজারে প্রবেশ করছে। এই বিপুল সংখ্যক তরুণ-তরুণীর কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির লক্ষ্যে সরকার আইটি ক্ষেত্রে ২০২১ সালের মধ্যে ৩ লাখ তরুণ-তরুণীর প্রশিক্ষণের ব্যবস্থা করবে। পাশাপাশি আইটিতে মেয়েদের উৎসাহিত করতে মন্ত্রণালয় প্রশিক্ষণে ২০ থেকে ৩০ শতাংশ নারী সংরক্ষিত কোটা বরাদ্দ রেখেছে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন প্ল্যান ইন্টারন্যাশনালের হেড অব চাইল্ড প্রোটেকশন তানিয়া নুসরাত জামান, ব্র্যাকের অ্যাডভোকেসি ফর সোশ্যাল চেঞ্জ, টেকনোলজি ও পার্টনারশিপ স্ট্রেন্দেনিং ইউনিটের পরিচালক কে এ এম মোর্শেদ এবং প্ল্যান ইন্টারন্যাশনাল এর পক্ষ থেকে হেড অব আইটি রবিউল আলম চৌধুরী।
এ সময় অনুষ্ঠানে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তা, আন্তর্জাতিক সংস্থা এবং বেসরকারি সংস্থার প্রতিনিধিবৃন্দ উপস্থিত ছিলেন। বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.