মাস্টারি বিডি ।
ঢাকা । ২৫ জুন ২০১৮ । ১১ আষাঢ় ১৪২৫
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খান স্বেচ্ছায় অবসর নিয়েছেন। এ মন্ত্রণালয়ের সচিব পদে নিয়োগ পেয়েছেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ সচিব ফয়েজ আহম্মদ।
তিনি আগামী ১ জুলাই জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব পদে যোগদান করবেন। এ ছাড়াও ২ কর্মকর্তাকে ভারপ্রাপ্ত সচিব ও ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় নিয়োগ দেয়া হয়। রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় এসব বিষয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করে।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব মো. তমিজুল ইসলাম খান স্বাক্ষরিত প্রজ্ঞাপনে বলা হয়, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. মো. মোজাম্মেল হক খানের চাকরিকাল ২৫ বছর পূর্ণ হওয়ায় সরকারি কর্মচারী আইন (অবসর) আইন, ১৯৭৪ এর ৯(১) ধারা অনুযায়ী ৩০ জুন ২০১৮ তারিখ হতে তাকে স্বেচ্ছা অবসর প্রদান করা হলো। আগামী ২ নভেম্বর তার নিয়মিত অবসরে যাওয়ার কথা ছিল। দুদক কমিশনার পদে নিয়োগ পেতে নির্ধারিত সময়ের ৪ মাসের বেশি আগে প্রশাসনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সচিব পদ থেকে স্বেচ্ছায় বিদায় নিলেন। সরকারের বিধিবদ্ধ এ সংস্থায় (দুদক) পদে নিয়োগ পেতে যাচ্ছেন। এর ফলে মোজাম্মেল হক খান আরো ৪ বছর চাকরি করার সুযোগ পাবেন।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আরেক প্রজ্ঞাপনে বলা হয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ফয়েজ আহম্মদকে জনপ্রশাসনের সচিব, মন্ত্রিপরিষদ বিভাগের অতিরিক্ত সচিব মো. দিলওয়ার বখতকে পরিকল্পনা কমিশনের সদস্য (সচিব পদমর্যাদা) ও ময়মনসিংহ বিভাগের কমিশনার জি. এম. সালাহ উদ্দিনকে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ করা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম