মাস্টারি সংবাদ | সাংস্কৃতিক প্রতিবেদক
মিডিয়া | ২১ সেপ্টেম্বর ২০২৩ | ৬ আশ্বিন ১৪৩০

বরেণ্য নৃত্যশিল্পী জিনাত বরকতুল্লাহ চিরবিদায় নিলেন। বুধবার (২০ সেপ্টেম্বর) বিকেল পৌনে পাঁচটায় ধানমন্ডির নিজ বাসায় মারা যান তিনি।
মস্তিষ্কে রক্তক্ষরণ ও ফুসফুস সংক্রমণে আক্রান্ত হয়ে দীর্ঘ দিন ধরেই চিকিৎসা নিচ্ছিলেন জিনাত বরকতুল্লাহ। এ বছরের মার্চে তাকে আইসিইউতে নেওয়া হয়েছিল। একবার তাকে লাইফ সাপোর্টেও নেওয়া হয়েছিল।
স্বাধীনতা-উত্তর বাংলাদেশের সাংস্কৃতিক আন্দোলনের ধারায় নৃত্যচর্চার বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন জিনাত বরকতুল্লাহ। ভরতনাট্যম, কত্থক, মণিপুরি—উপমহাদেশের শাস্ত্রীয় নৃত্যের তিন ধারায় তালিম নিলেও লোকনৃত্যেই নিজেকে প্রতিষ্ঠিত করেন তিনি।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ বিভাগ থেকে স্নাতকোত্তর শেষ করে জিনাত বরকতুল্লাহ যোগ দেন বিশ্ববিদ্যালয়ের পারফর্মিং আর্টস একাডেমিতে। তিনি শিল্পকলা একাডেমির সংগীত ও নৃত্যকলা বিভাগের অন্তর্ভুক্ত প্রোডাকশন বিভাগের পরিচালক হিসেবে যোগ দেন। সেখানে তিনি ২৭ বছর কর্মরত ছিলেন।
১৯৮০ সালে জিনাত বরকতুল্লাহ বিটিভির নাটক “মারিয়া আমার মারিয়া” দিয়ে অভিনয়জীবন শুরু করেন। এরপর “ঘরে বাইরে”, “অস্থায়ী নিবাস”, “বড় বাড়ি”, “কথা বলা ময়না”সহ বেশ কয়েকটি টিভি নাটকে অভিনয় করেন তিনি।
জিনাত বরকতুল্লাহ নৃত্যশিল্পে অবদানের জন্য ২০২২ সালে একুশে পদক পেয়েছেন। এছাড়া শিল্পকলা একাডেমি পুরস্কার, ইউনেস্কো পুরস্কারসহ বহু সম্মাননা লাভ করেছিলেন গুণী এই শিল্পী। ব্যক্তিগত জীবনে তিনি নাট্যকার প্রয়াত মোহাম্মদ বরকতুল্লার স্ত্রী। তার কন্যা জনপ্রিয় অভিনেত্রী ও নৃত্যশিল্পী বিজরী বরকতুল্লাহ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম