মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ০৩ মে ২০১৮ । ২০ বৈশাখ ১৪২৪
কলকাতায় নায়করাজ রাজ্জাকের নামাঙ্কিত আজীবন সম্মাননা চালু করা হয়েছে। আর এই সম্মাননা প্রথমবার পেলেন অভিনেতা আলমগীর। মঙ্গলবার রাতে কলকাতায় তার হাতে এই সম্মাননা তুলে দেওয়া হয়। এর আগে আলমগীরের নামে একটি মানপত্র পাঠ করা হয়। এই মানপত্র পাঠ করেন বাংলাদেশের উপস্থাপিকা ইশরাত পায়েল।
কলকাতার বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্স তিন বছর ধরে লাইফ টাইম অ্যাচিভম্যান্ট অ্যাওয়ার্ড দেওয়া শুরু করেছে। এবারই প্রথম নায়করাজ রাজ্জাকের নামে অ্যাওয়ার্ড চালু হলো। এর আগে গত বছরগুলোতে অভিনেতা রঞ্জিত মল্লিক, তরুণ মজুমদারের মতো বরেণ্য চলচ্চিত্র ব্যক্তিত্বরা এই স্বীকৃতি পেয়েছেন। আগামীতেও রাজ্জাকের নামের এই পুরস্কার বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের শিল্পীরা পেতে পারেন।

কলকাতার বর্ষীয়ান অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায়, চলচ্চিত্র নির্মাতা বুদ্ধদেব দাশগুপ্ত, সাংবাদিক ড. সোমা এ চ্যার্টাজি এবং চলচ্চিত্র প্রতিষ্ঠান ভেঙ্কাটেশ মুভিজও অন্য বিভাগের আজীবন সম্মাননা পেয়েছেন। শারীরিক অসুস্থতার জন্য বুদ্ধদেব দাশগুপ্ত অনুষ্ঠানে উপস্থিত হতে পারেননি। তার হয়ে একজন পরিচালক সম্মাননা গ্রহণ করেন।
এর আগে স্থানীয় সময় সন্ধ্যা সাড়ে সাতটায় প্রদীপ প্রজ্জ্বলনের মধ্যদিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বেঙ্গল ফিল্ম অ্যান্ড টেলিভিশন চেম্বার অফ কমার্সের কর্মকর্তাবৃন্দ। এরপর উদ্বোধনী নৃত্য পরিবেশন করেন প্রখ্যাত অভিনেত্রী ও নৃত্যশিল্পী ইন্দ্রাণী দত্ত। এরপর একে একে চলচ্চিত্রের বিভিন্ন বিভাগের আজীবন সম্মাননা প্রদান অনুষ্ঠান শুরু হয়।
প্রথমে হীরা লাল সেনের নামাঙ্কিত আজীবন সম্মাননা দেওয়ার জন্য মঞ্চে যাওয়ার অনুরোধ করা হয় প্রখ্যাত অভিনেতা সৌমিত্র চট্টোধ্যায়কে। তাকে এই সম্মাননা দেন রাজ্য সরকারের মন্ত্রী ব্রাত্য বসু এবং অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায়।
নায়করাজ রাজ্জাক আজীবন সম্মাননা নিতে মঞ্চে উঠেন অভিনেতা আলমগীর। প্রখ্যাত অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত তাকে এই সম্মাননা তুলে দেন।
অভিনেতা আলমগীরও এই সম্মান পেয়ে অভিভূত। তিনি তার অভিব্যক্তি প্রকাশ করতে গিয়ে বললেন, রাজ্জাকের নামের এই পুরস্কার আমাকে গর্বিত করেছে। আর এই একই মঞ্চে সৌমিত্র চট্টোপাধ্যায়কেও সম্মাননা দেওয়া হলো। এটাও আমার জন্য বড় পাওয়া।
আলমগীর বলেন, নায়করাজ রাজ্জাকের এই পুরস্কারটি আমি সৌমিত্র চট্টোপাধ্যায়ের আশীর্বাদ হিসাবে বাংলাদেশে নিয়ে যাচ্ছি।
এদিকে বাংলাদেশের বর্ষীয়ান চিত্রনায়ক আলমগীর এই সম্মনায় পাওয়ায় খুশি পশ্চিমবঙ্গের তারকারাও।
সূত্র : কালের কণ্ঠ অনলাইন
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম