Home / প্রচ্ছদ / ইউনেস্কোর মহাপরিচালক পদে ড. হামাদকে সমর্থন বাংলাদেশের
hasinaunescombd-2

ইউনেস্কোর মহাপরিচালক পদে ড. হামাদকে সমর্থন বাংলাদেশের

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৮ ডিসেম্বর ২০১৬ । ১৪ পৌষ ১৪২৩

বাংলাদেশ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সাংস্কৃতিক সংস্থার (ইউনেস্কো) মহাপরিচালক পদে কাতারের প্রার্থীর প্রতি সমর্থন ব্যক্ত করেছে।

মঙ্গলবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তাঁর কার্যালয়ে ইউনেস্কোয় কাতারের প্রার্থী কাতারের আমিরের উপদেষ্টা ড. হামাদ বিন আবদুল আজিজ আল-কাওয়ারী সাক্ষাত করতে গেলে প্রধানমন্ত্রী এই সমর্থনের কথা জানান। সংবাদ বাসস-এর।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের ব্রিফকালে বলেন, ড. হামাদ ইউনেস্কোর মহাপরিচালক পদে তার প্রার্থীতার পক্ষে বাংলাদেশের সমর্থন কামনা করেন।

এর জবাবে প্রধানমন্ত্রী বলেন যে, তিনি এই পদে ড. হামাদের প্রার্থীতায় খুশী হয়েছেন।
প্রধানমন্ত্রীকে উদ্ধৃত করে প্রেস সচিব বলেন, ‘আমি এ পদে আপনার প্রার্থীতায় খুশী হয়েছি এবং আপনি আমাদের সমর্থন পাবেন।’

প্রধানমন্ত্রী বলেন যে, আরব দেশগুলোর একজন প্রার্থী এ পদে প্রতিদ্বন্দ্বীতা করায় তিনি আনন্দিত।

hasinaunescombd-in

কাতারের আমিরের উপদেষ্টা প্রধানমন্ত্রীকে অবহিত করেন যে, আগামী অক্টোবরে এই ভোট প্যারিসে অনুষ্ঠিত হবে। এই পদে তার প্রার্থীতা ঘোষণার পর ড. হামাদ তার প্রচারণায় সর্বপ্রথম বাংলাদেশ সফর করছেন।

প্রধানমন্ত্রী বৈঠকে বাংলাদেশ ও কাতারের মধ্যকার বিদ্যমান সম্পর্কে সন্তোষ প্রকাশ করে বলেন, ভ্রাতৃপ্রতীম দেশ দু’টির সম্পর্ক আগামী দিনে অধিকতর সুসংহত হবে।
তিনি তাঁর কাতার সফরের কথাও স্মরণ করেন।

মুসলিম বিশ্বে একজন মহিলা নেতা হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বের ভূয়সী প্রশংসা করে ড. হামাদ বলেন, অন্যদের তাঁকে অনুসরণ করা উচিত।

তিনি প্রধানমন্ত্রীর নেতৃত্বে আর্থ-সামাজিক ও শিক্ষা খাতে বাংলাদেশের বিশাল সাফল্যেরও প্রশংসা করেন।

শেখ হাসিনা দেশ ও জনগণের উন্নয়নে বর্তমান সরকারের বিভিন্ন পদক্ষেপের উল্লেখ করে বলেন, দারিদ্র্য বিমোচন হচ্ছে তাঁর সরকারের প্রধান লক্ষ্য।

দু’দেশের মধ্যে সাংস্কৃতিক সহযোগিতা জোরদারে সমঝোতা স্মারক স্বাক্ষর সম্পর্কে বৈঠকে আমীরের উপদেষ্টা বলেন, এটি সুবিধাজনক সময়ে নিষ্পন্ন হবে।

কুয়েতের আমীরের উপদেষ্টা প্রতিবন্ধী ব্যক্তিদের ডিজিটাল ক্ষমতায়নে ইউনেস্কোর আমীর জাবের আল-আহমাদ আল-জাবের আল-সাবাহ পুরস্কারের আন্তর্জাতিক জুরি বোর্ডে চেয়ারপার্সন হিসেবে সায়মা ওয়াজেদ হোসেইনের নির্বাচনের কথা উল্লেখ করেন।

ড. হামাদ বলেন, তিনি বাংলাদেশ অটিজমের জাতীয় উপদেষ্টা কমিটির সদস্য ও মানসিক স্বাস্থ্য বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থার এক্সপার্ট এ্যাডভাইজরী প্যানেলের সদস্য সায়মা ওয়াজেদ হোসেইনের অটিজম ও শিশু প্রতিবন্ধী কর্মকাণ্ড এবং অন্যান্য মহৎ কর্ম সম্পর্কে অবহিত আছেন।

প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. কামাল আবদুল নাসের, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, প্রধানমন্ত্রীর সামরিক সচিব মেজর জেনারেল মিয়া মোহাম্মদ জয়নাল আবেদীন ও বাংলাদেশে কাতারের রাষ্ট্রদূত আহমেদ বিন মোহাম্মদ আল দেহাইমি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

28 25 5 3

জাতীয় ঈদগাহে ঈদের নামাজ আদায় করলেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী

ঢাকা, বৃহস্পতিবার ২৮ মে ২০২৬ মাসস রাজধানীর হাইকোর্ট সংলগ্ন জাতীয় ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার প্রধান …

Leave a Reply

Your email address will not be published.