মাস্টারি বিডি | শান্তা ইসলাম
বিনোদন বিভাগ | ঢাকা | ০১ জুলাই ২০১৯ | ১৭ আষাঢ় ১৪২৬
টরন্টোয় অনুষ্ঠিত হয়েছে ‘রাধারমণ ফোক ফেস্টিভ্যাল’। বাঙালির চিরায়ত ঐতিহ্য লোকজ সংস্কৃতিকে কানাডার বহুসংস্কৃতির অঙ্গনে তুলে ধরতে নেয়া হয়েছে এই পদক্ষেপ।
বাংলা লোকসংগীতের পুরোধা লোককবি রাধারমণের জীবন কর্ম তুলে ধরা এবং লোকজ সঙ্গীত আর নৃত্যের তালে তালে লোকজ সংস্কৃতিকে তুলে আনাই ছিলো এই ফোক ফেস্টিভ্যালের মুখ্য উদ্দেশ্য। রোববার সন্ধ্যায় অভিজাত আগা খান মিউজিয়ামের মিলনায়তনে ব্যতিক্রমী এই উৎসব অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, টরন্টোয় বাংলাদেশ কনসাল জেনারেল নাইম উদ্দিন, কবি আসাদ চৌধুরী, সিটি কাউন্সিলর গ্যারি ক্রফোর্ড, ব্যারিষ্টার চয়নিকা দত্ত, ড. সুশীতল চৌধুরী, মুন্নী সোবহানী, দেবব্রত দে তমাল প্রমূখ। জ্যোতি দত্ত পূরকায়স্থ এবং আবদুল কাইয়ূম মুকুল রাধারমনের জীবন এবং কর্মের উপর বিস্তারিত আলোচনা করেন।
বাংলা সাহিত্যিক, সাধক কবি, বৈঞ্চব বাউল, ধামালি নৃত্য-এর প্রবর্তক হচ্ছেন রাধারমণ। এই লোক কবিকে সম্মান জানাতেই টরন্টোর ‘ডেনফোর্থ এক্সপ্রেস’ এর উদ্যোগে রাধারমণ ফোক ফেস্টিভ্যালের আয়োজন করা হয়।

সুকন্যা নৃত্যাঙ্গনের শিল্পীদের নৃত্য পরিবেশনার মাধ্যমে শুরু হয় রাধারমণ ফোক ফেষ্টিভ্যালের স্ংস্কৃতিক পর্ব। প্রথম পর্বে গান করেন সাবু শাহ, তমা রয় এবং তমা পাল সঙ্গীত পরিবেশন করেন। সবশেষে ঢাকার শিল্পী চন্দনা মজুমদার, আশিক এবং পিন্টু ঘোষ গান গেয়ে মঞ্চ মাতিয়ে তুলেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মেরী রাশেদীন এবং উজ্জ্বল দাশ।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম