Home / পরিবেশ / বায়ুদূষণে কমছে গড়আয়ু
power-station-374097_1280

বায়ুদূষণে কমছে গড়আয়ু

মাস্টারি সংবাদ | প্রতিবেদক
পরিবেশ | ২৪ সেপ্টেম্বর ২০২৩ | ৯ আশ্বিন ১৪৩০

Polution1465661606

বায়ুদূষণের কারণে বিশ্বে মানুষের গড় আয়ু ২ বছর ৪ মাস কমছে। আর বাংলাদেশে গড় আয়ু কমছে ৬ বছর ৮ মাস। বাংলাদেশ পরিবেশ আন্দোলন (বাপা) আয়োজিত বায়ুদূষণ নিয়ন্ত্রণে করণীয় শীর্ষক সংবাদ সম্মেলনে এ তথ্য তুলে ধরা হয়েছে। বায়ু দূষণের ক্ষতিকর প্রভাব তুলে ধরে সংবাদ সম্মেলনে বলা হয়েছে, গাজীপুর শহরের বায়ু সবচেয়ে বেশি দুষিত এবং সিলেট শহরের সব থেকে কম।

আজ মঙ্গলবার ঢাকা রিপোর্টার্স ইউনিটির সাগর-রুনী মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে মূল বক্তব্য তুলে ধরেন বাপার যুগ্ম সম্পাদক অধ্যাপক ড. আহমদ কামরুজ্জামান মজুমদার। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাপার সভাপতি নুর মোহাম্মদ তালুকদার, সহসভাপতি অধ্যাপক এম শহীদুল ইসলাম ও স্থপতি ইকবাল হাবিব, সাধারণ সম্পাদক আলমগীর, জাতীয় কমিটির সদস্য গাউস পিয়ারী মুক্তি প্রমুখ।

যুক্তরাষ্ট্রের শিকাগো বিশ্ববিদ্যালয়ের এনার্জি পলিসি ইনস্টিটিউট থেকে প্রকাশিত বায়ুদূষণ বিষয়ক বৈশ্বিক প্রতিবেদন ‘এয়ার কোয়ালিটি লাইফ ইনডেক্স-২০২৩’-এর উদ্ধৃতি দিয়ে কামরুজ্জামান মজুমদার বলেন, ‘ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট অব ডিজিজেস অব দা চেস্ট অ্যান্ড হসপিটালে ২০২১ সালে আউটডোর এবং জরুরি বিভাগ মিলিয়ে ২ লাখ ১০ হাজার রোগী চিকিৎসাধীন ছিলেন। ৭ বছর আগে এই সংখ্যা ছিল মাত্র ৮৫ হাজার। তিনি জানান, রাজধানীর জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটের হিসেবে দেখা গেছে, গত বছরের জুলাই মাসে হাসপাতালে ভর্তি, আউটডোর ও জরুরি বিভাগ মিলে রোগীর সংখ্যা ছিল ১২ হাজারের কিছু বেশি। এবারের (২০২৩) জুলাইয়ে সে সংখ্যা ১৪ হাজার পার হয়েছে।

আয়ুষ্কালের দিক থেকে বাতাসে অতিক্ষুদ্র বস্তুকণা, দূষণ বাংলাদেশে মানবস্বাস্থ্যের জন্য দ্বিতীয় বৃহত্তম হুমকি বলে জানিয়েছে কোয়ালিটি লাইফ ইনডেক্স। বিশ্বব্যাংকের তথ্য অনুসারে, সিসা দূষণের ফলে দেশে প্রতিবছর হৃদরোগে আক্রান্ত হচ্ছেন ১ লাখ ৩৮ হাজার মানুষ। একই কারণে শিশুদের আইকিউ কমে যাচ্ছে এবং ফলে বুদ্ধি প্রতিবন্ধী হওয়ার ঝুঁকি বাড়ছে।
মূল বক্তব্যে আহমদ কামরুজ্জামান বলেন, ‘বায়ুদূষণের কারণগুলোর মধ্যে প্রাকৃতিক ও আবহাওয়াজনিত কারণ, নগর পরিকল্পনায় ঘাটতি, আইনের দুর্বলতা, আইন প্রয়োগের সীমাবদ্ধতা, ভৌগলিক কারণ এবং জনসংখ্যার ঘনত্ব অন্যতম। রাস্তা খোঁড়াখুঁড়ি ও নির্মাণকাজ থেকে ৩০ শতাংশ, ইটভাটা ও শিল্প-কারখানা থেকে ২৯ শতাংশ, যানবাহন থেকে ১৫ শতাংশ, আন্তঃদেশীয় বায়ুদূষণ থেকে ৬.৫ শতাংশ, গৃহস্থালি ও রান্নার চুলার কাজ থেকে ৮.৫ শতাংশ এবং বর্জ্য পোড়ানো থেকে ৮ শতাংশ বায়ুদূষণ ঘটে।’গাজীপুর শহরের বায়ু দূষণ সর্বোচ্চ উল্লেখ করে বাপা নেতা আহমদ কামরুজ্জামান বলেন, ‘গাজীপুরের বাতাসে অতি সূক্ষ্ম বস্তুকণা, যার ব্যাস সাধারণত ২.৫ মাইক্রোমিটার বা এর চেয়ে ছোট (পিএম ২.৫), এর পরিমাণ প্রতি ঘনমিটারে ৮৯.৮ মাইক্রোগ্রাম পাওয়া যায়। এই মান বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানের (৫ মাইক্রোগ্রাম) চেয়ে ১৮ গুণ বেশি এবং নির্ধারিত (বার্ষিক) মানমাত্রার চেয়ে ৬ গুণ বেশি।

২০২২ সাল পর্যন্ত অতিক্ষুদ্র বস্তুকণা ২.৫-এর জন্য নির্ধারিত (বার্ষিক) প্রতি ঘনমিটারে ১৫ মাইক্রোগ্রাম। এ ক্ষেত্রে সবচেয়ে কম দূষিত সিলেট শহর। যার প্রতি ঘনমিটারে ৪৮.৫ মাইক্রোগ্রাম এবং এটি বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত মানমাত্রার চেয়ে ৯.৭ গুণ বেশি এবং বাংলাদেশের নির্ধারিত জাতীয় আদর্শ (বার্ষিক) মানমাত্রার চেয়ে ৩.২৩ গুণ বেশি।’

বায়ুমান উন্নয়নে স্বল্পমেয়াদী পদক্ষেপ, মধ্যমেয়াদী পদক্ষেপ এবং দীর্ঘমেয়াদি পদক্ষেপ গ্রহণের সুপারিশ তুলে ধরে বলা হয়, নির্মাণকাজের সময় নির্মাণ স্থান ঘেরাও দিয়ে রাখতে হবে ও নির্মাণ সামগ্রী পরিবহনে ঢেকে নিতে হবে। শুষ্ক মৌসুমে সিটি করপোরেশন, ফায়ার সার্ভিস, ওয়াসা ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে দূষিত শহরগুলোতে প্রতি ২-৩ ঘণ্টা পর পর পানি ছিটানোর ব্যবস্থা করতে হবে। রাস্তায় ধুলা সংগ্রহের জন্য সাকশন ট্রাক ব্যবহার করা যেতে পারে।

আরো বলা হয়, অবৈধ ইটভাটাগুলো বন্ধ করে উন্নত প্রযুক্তির ব্যবহার এবং বিকল্প ইটের প্রচলন বাড়াতে হবে। সরকারি ও বেসরকারি উদ্যোগে প্রচুর গাছ লাগাতে হবে এবং ছাদবাগানে সকলকে উৎসাহিত করতে হবে। দূষিত শহরগুলোর আশপাশে জলাধার সংরক্ষণ করতে হবে। নির্মল বায়ু আইন-২০১৯ যত দ্রুত সম্ভব প্রণয়ন করতে হবে। সর্বোপরি সচেতনতা তৈরির জন্য বিভিন্ন গণমাধ্যমে বায়ুদূষণ সম্পর্কে আরো বেশি তথ্যনির্ভর অনুষ্ঠান প্রচারের ব্যবস্থা করার মাধ্যমে ঢাকাসহ সারা দেশে বায়ুদূষণের পরিমাণ নিয়ন্ত্রণ করা যেতে পারে।

সূত্র : কালের কণ্ঠ

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

20 4 24 111 11

সংরক্ষিত নারী আসনে বিএনপির মনোনয়ন পেলেন যারা

ঢাকা, সোমবার ২০ এপ্রিল ২০২৬ মাসস ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছে …