Home / জাতীয় / তথ্য অধিদফতরে ই-ফাইলিং প্রশিক্ষণ দেয়া হলো
e-filingmbd

তথ্য অধিদফতরে ই-ফাইলিং প্রশিক্ষণ দেয়া হলো

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৬ ডিসেম্বর ২০১৬ । ০২ পৌষ ১৪২৩

বাংলাদেশ সচিবালয়ে তথ্য অধিদফতরের সভাকক্ষে প্রধানমন্ত্রীর কার্যালয়ের এটুআই প্রোগ্রামের আওতায় ই-ফাইলিং বিষয়ে বৃহস্পতিবার দিনব্যাপী প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
সরকারি অফিসে গতিশীলতা, স্বচ্ছতা ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে জনগণকে সেবা প্রদান ও কাগজবিহীন অফিস সৃষ্টির লক্ষ্যে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।

এ প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করেন তথ্য অধিদফতরের প্রধান তথ্য অফিসার এ কে এম শামীম চৌধুরী। সংবাদ বাসস-এর।

প্রধান তথ্য অফিসার বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার সূত্র ধরেই ই-ফাইলিং-এর উদ্যোগ নেয়া হয়েছে। এ পদ্ধতি সরকারের সঙ্গে সাধারণ জনগণের দূরত্বও কমাবে বলে তিনি অভিমত ব্যক্ত করেন।

শামীম চৌধুরী বলেন, ই-ফাইলিং কার্যক্রম পুরোদস্তুর চালু হলে ফাইলের স্তূপ হবে না এবং সেবা প্রত্যাশীদের দ্বারে দ্বারে ঘুরতে হবে না। প্রযুক্তির সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত করে দাপ্তরিক কাজে আমাদের লাল ফিতার দৌরাত্ম্য কমাতে হবে।

প্রশিক্ষণার্থীদের উদ্দেশে তিনি বলেন, প্রশিক্ষণের মাধ্যমে নিজেদের দক্ষতা বৃদ্ধি করতে হবে। এই প্রশিক্ষণের মাধ্যমে সরকারি দপ্তরের গতিশীলতা ও দক্ষতা অনেকাংশে বৃদ্ধি পাবে।

প্রধান তথ্য অফিসার জানান, কৃষি ও শিল্প বিপ্লবের পর এখন চলছে তথ্য বিপ্লব। ডিজিটাল পদ্ধতিতে কিভাবে নথি ব্যবস্থাপনা করতে হয় তা সকলকে ভালোভাবে শিখতে হবে।
তিনি বলেন, আপনারা প্রশিক্ষিত হলে জনগণ লাভবান হবে। ই-ফাইলিং সরকারকে জনগণের কাছে আরো দায়িত্বশীল করবে।

তিনি আরো বলেন, ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যই হলো জনগণ সেবার পেছনে ছুটবে না বরং সেবাই পৌঁছে যাবে জনগণের কাছে। এ লক্ষ্যকে সামনে রেখে সরকারের বিরামহীন প্রয়াসের অংশ হিসেবে এ কার্যক্রম হাতে নেয়া হয়েছে।

তথ্য অধিদফতরের অতিরিক্ত প্রধান তথ্য অফিসার মোহাম্মদ ইসতাক হোসেন, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রটোকল) ফজলে রাব্বী, সিনিয়র উপপ্রধান তথ্য অফিসার (প্রেস) আকতার হোসেনসহ তথ্য অধিদফতরের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

প্রশিক্ষণ কোর্স পরিচালনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের সিনিয়র সহকারী সচিব মোহাম্মদ খোরশেদ আলম খান। তথ্য অধিদফতরের ৫০ জন কর্মকর্তা ও কর্মচারী এ কোর্সে অংশগ্রহণ করেন।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 7 2026 222

মাঝপথ থেকে ফেরি ঘুরিয়ে আনলেন এমপি হান্নান মাসউদ

রবিবার, ১২ জুলাই ২০২৬, ২৮ আষাঢ় ১৪৩৩ | মাসস নোয়াখালীর হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে নলচিরা …

Leave a Reply

Your email address will not be published.