Home / জাতীয় / ঢাবি-তে দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব চলছে
dufilmfestmbd

ঢাবি-তে দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব চলছে

মাস্টারি বিডি ডটকম
ঢাকা ০৪ অক্টোবর ২০১৬ । ১৯ আশ্বিন ১৪২৩

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসব সোমবার শুরু হয়েছে।
ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীদের সংগঠন এমসিজে ফিল্ম ক্লাব আয়োজিত এই উৎসবে উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই উৎসবের উদ্বোধন করেন।

গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক মফিজুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অভিনেত্রী সারাহ বেগম কবরী, চলচ্চিত্র নির্মাতা মোরশেদুল ইসলাম, মোস্তফা সরয়ার ফারুকী ও অভিনেতা ফেরদৌস আহমেদ বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন।

এমসিজে ফিল্ম ক্লাবের মডারেটর ঢাকা বিশ্ববিদ্যালয় গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক সাবরিনা সুলতানা চৌধুরী স্বাগত বক্তব্য রাখেন ।

উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক চলচ্চিত্রকে শিক্ষার একটি গুরুত্বপূর্ণ মাধ্যম হিসাবে বর্ণনা করে বলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ নির্মূলে চলচ্চিত্র অন্যতম শক্তিশালী হাতিয়ার হতে পারে।

তিনি বলেন, পৃথিবীতে যুগ যুগ ধরে ভাল-মন্দ, আলো-আঁধার, সংকীর্ণতা ও উদারতার মধ্যে সংঘাত চলে আসছে। মনের সংকীর্ণতা দূর করে মানব সভ্যতার সংকট নিরসনই চলচ্চিত্রের মূল কাজ। উপাচার্য সুস্থ চলচ্চিত্র নির্মাণের মাধ্যমে সমাজ, দেশ তথা বিশ্বকে অন্ধকার থেকে মুক্ত আলোর পথ দেখানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানান।

উল্লেখ্য, দু’দিনব্যাপী এশীয় চলচ্চিত্র উৎসবে চীন, দক্ষিণ কোরিয়া, ভারত, হংকং, ইরান, জাপান এবং বাংলাদেশের ৭টি চলচ্চিত্র প্রদর্শন করা হবে। ৩ অক্টোবর দুপুর দেড়টায় চীনের চলচ্চিত্র ‘হাউজ অব ফ্লাইং ড্যাগার্স’, বিকাল ৪টায় দক্ষিণ কোরিয়ার চলচ্চিত্র ‘থ্রি আয়রন’, সন্ধ্যা সাড়ে ৬টায় ভারতের চলচ্চিত্র ‘পিকে’ প্রদর্শিত হয় এবং আজ ৪ অক্টোবর সকাল ১১ টায় হংকং-এর চলচ্চিত্র ‘ইন দ্যা মুড ফর লাভ’, দুপুর দেড়টায় ইরানের চলচ্চিত্র ‘আ সেপারেশন’, বিকাল ৪টায় জাপানের চলচ্চিত্র ‘স্পিরিটেড অ্যাওয়ে’ ও সন্ধ্যা সাড়ে ৬টায় বাংলাদেশের চলচ্চিত্র ‘রানওয়ে’ প্রদর্শন করা হবে।

প্রতি চলচ্চিত্রের টিকেটের মূল্য ২০ টাকা নির্ধারণ করা হয়েছে ।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

14 4 2026 90900

কৃষক কার্ড কর্মসূচির উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ঢাকা, মঙ্গলবার ১৪ এপ্রিল ২০২৬ মাসস বর্তমান সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার ‘কৃষক কার্ড’ বিতরণ প্রি-পাইলটিং কার্যক্রমের উদ্বোধন …

Leave a Reply

Your email address will not be published.