মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৫ অক্টোবর ২০১৭ । ১০ কার্তিক ১৪২৪
জাতীয় বিশ্ববিদ্যালয় রজতজয়ন্তী উপলক্ষে ২৫ ও ২৬ অক্টোবর প্রতিষ্ঠানটির গাজীপুর ক্যাম্পাসে দু’দিনব্যাপী অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে।
২৫ ও ২৬ অক্টোবর বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে প্রতিষ্ঠার ২৫ বছর উদযাপন করা হবে বলে মঙ্গলবার জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
রজতজয়ন্তী উপলক্ষে আজ বুধবার (২৫ অক্টোবর) সকাল ১১ টায় উদ্বোধনী অনুষ্ঠানে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ ক ম মোজাম্মেল হক প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন। বিশেষ অতিথি থাকবেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি, এডভোকেট রহমত আলী এমপি, সংস্কৃতি মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সিমিন হোসেন রিমি এবং যুব ও ক্রীড়া মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জাহিদ আহসান রাসেল।
কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১১ টা ৫ মিনিটে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সংলগ্ন সড়কে রজতজয়ন্তীর শোভাযাত্রা, সাড়ে ১১ টায় তথ্যচিত্র প্রদর্শন, ১১ টা ৪০ মিনিটে উদ্বোধনী দিবসের আলোচনা সভা এবং বেলা ১ টায় স্মৃতিচারণ।
২৬ অক্টোবর সকাল ১০ টায় প্রতিষ্ঠা বার্ষিকীর আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। প্রধানমন্ত্রীর আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা ড. গওহর রিজভী এ অনুষ্ঠানে প্রতিষ্ঠাবার্ষিকী বক্তা হিসেবে উপস্থিত থাকবেন।
এদিনের অন্যান্য কর্মসূচির মধ্যে রয়েছে সকাল ১০ টা ৫ মিনিটে তথ্যচিত্র প্রদর্শন, সকাল সোয়া ১০ টায় আলোচনাসভা, বিকেল আড়াইটায় স্মৃতিচারণ এবং সাড়ে ৩ টায় সাংস্কৃতিক অনুষ্ঠান।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হারুন অর রশিদ ২৫ ও ২৬ অক্টোবরের কেন্দ্রীয় অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম