Home / জাতীয় / আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শেষ হলো
ejtema+mbd

আখেরী মোনাজাতের মধ্যদিয়ে বিশ্ব ইজতেমা শেষ হলো

মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২২ জানুয়ারি ২০১৭ । ০৯ মাঘ ১৪২৩

টঙ্গীর তুরাগ তীরে অনুষ্ঠিতব্য ৫২তম বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব আখেরী মোনাজাতের মধ্যদিয়ে সমাপ্ত হয়েছে।

মোনাজাতে মুসলিম উম্মাহর শান্তি, ঐক্য, সমৃদ্ধি, ভ্রাতৃত্ববোধ এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করা হয়।

বিশ্ব ইজতেমার আমীর ও ইজতেমার শীর্ষ মুরুব্বি দিল্লীর মাওলানা মুহাম্মদ সা’দ আখেরী মোনাজাত পরিচালনা করেন।

আজ রোববার বেলা ১১ টা ১২ মিনিটি আখেরী মোনাজাত শুরু হয়ে ১১ টা ৪৪ মিনিটে শেষ হয়। আখেরী মোনাজাত প্রথম ১৪ মিনিট উর্দু ও ১৮ মিনিট আরবী ভাষায় দোয়া করা হয়।

এর আগে একই স্থানে গত ১৩ জানুয়ারি থেকে ১৫ জানুয়ারি পর্যন্ত প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়। এরপর ৪দিন বিরতি থাকে।

প্রথম পর্বে ঢাকা, গাজীপুরসহ ১৭টি জেলার মুসল্লিরা শরীক হন।

২০ জানুয়ারি শুরু হয় দ্বিতীয় পর্ব।

ejtema+Akheri+Munajat+mbd-15-2

দ্বিতীয় পর্বের আখেরী মোনাজাতে ধর্মপ্রাণ মুসল্লিদের সাথে মোনাজাতে অংশ নেন স্থানীয় সংসদ সদস্য আলহাজ মো: জাহিদ আহসান রাসেল, গাজীপুর সিটি করপোরেশনের ভারপ্রাপ্ত মেয়র আসাদুর রহমান কিরণ, গাজীপুর মহানগরী আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আজমত উল্লাহ খান, যুগ্ম-সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, গাজীপুরের এসপি হারুন অর রশীদসহ প্রায় ৩৫ থেকে ৪০ লাখ মুসল্লি অংশগ্রহণ করেন।

মোনাজাত চলাকালে ক্ষণেক্ষণে আমিন আমিন ধবনিতে তুরাগতীর ও তার আশেপাশে প্রায় ৬ থেকে ৭ কিলোমিটার এলাকা মুখরিত হয়ে ওঠে।

এবছর আখেরী মোনাজাতে বিশ্বের ৯৮টি দেশের মুসলমান, তাবলিগ অনুসারীরা এবং ১৭টি জেলার ধর্মপ্রাণ মুসল্লিরা অংশগ্রহণ করেন।

আজ রোববার সকাল ১০ টার মধ্যে টঙ্গী তুরাগ পাড়ের সুবিশাল চটের প্যান্ডেল কানায় কানায় পূর্ণ হয়ে যায়। ইজতেমা স্থলের চারপাশসহ ৬ থেকে ৭ কিলোমিটার এলাকাজুড়ে কোথাও তিল ধারনের ঠাঁই ছিল না।

আখেরী মোনাজাতে মুসল্লিদের চলাচলের সুবিধার্থে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক, চন্দ্রা ভোগড়া থেকে বিশ্বরোড পর্যন্ত, টঙ্গী-কালিগঞ্জ সড়ক থেকে টঙ্গী স্টেশন রোড পর্যন্ত, আশুলিয়া সাভার সড়ক থেকে উত্তরা-আব্দুল্লাহপুর পর্যন্ত সকল ধরনের গণপরিবহন চলাচল বন্ধ করে দেয়া হয়।

ejtema+mbd

আখেরী মোনাজাত উপলক্ষে টঙ্গী জংশন দিয়ে ১৪টি বিশেষ ট্রেন চলাচল করেছে। পাশাপাশি বিআরটিসি’র ২২৮টি বাস যাতায়াত করে।

দ্বিতীয় পর্বের বিশ্ব ইজতেমায় ২জন মুসল্লি মারা যান। এরা হলেন- জয়নাল অবেদীন (৬৯), পিতা মৃত সৈয়দ আলী মুন্সি। তার বাড়ি কিশোরগঞ্জ জেলার কুলিয়ারচড় থানার ডোমারকান্দা গ্রামে। অপর জনের নাম শফিকুল ইসলাম (৩৫)। তিনি মালয়েশিয়া প্রবাসী। তার গ্রামের বাড়ি সিরাজগঞ্জ জেলায়। তিনি ট্রেন থেকে পড়ে গিয়ে গাজীপুরের ধীরাশ্রম এলাকায় মারা যান।

টঙ্গী বিশ্ব ইজতেমার মুরুব্বি মাওলানা প্রকৌশলী গিয়াস উদ্দিন আজ সংবাদমাধ্যমকে জানান, আগামী বছর ৫৩তম বিশ্ব ইজতেমা ও জোড় ইজতেমার তারিখ নির্ধারণ করা হয়েছে। ৫৩তম বিশ্ব ইজতেমা প্রথম পর্ব শুরু হবে ২০১৮ সালের ১২ থেকে ১৪ জানুয়ারি। ১৪ জানুয়ারি প্রথম পর্বের তিন দিনব্যাপী বিশ্ব ইজতেমা আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে। এরপর একটানা ৪দিন বিরতি থাকবে। ১৯ থেকে ২১ জানুয়ারি দ্বিতীয় পর্ব শুরু হবে । ২১ জানুয়ারি ২০১৮ আখেরী মোনাজাতের মধ্য দিয়ে সমাপ্ত হবে ৫৩তম বিশ্ব ইজতেমা।

আখেরী মোনাজাত শেষে দেশী-বিদেশী লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিকে ট্রাক, বাস, মোটরসাইকেল, রিকশা, ট্রেন, নৌকা, পিকআপ ভ্যানসহ বিভিন্ন যানবাহনে করে নিজ নিজ গন্তব্যে ফিরে যেতে দেখা গেছে।
সূত্র : বাসস

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 54

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় সঠিক তথ্য ও উপাত্তের যথাযথ ব্যবহার নিশ্চিত করতে হবে : প্রধান প্রকৌশলী

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস আজ ১২ এপ্রিল রবিবার এলজিইডি সদর দপ্তরের সেমিনার কক্ষে স্থানীয় …

Leave a Reply

Your email address will not be published.