মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ২৪ আগস্ট ২০১৭ । ০৯ ভাদ্র ১৪২৪
মরহুম রাষ্ট্রপতি জিল্লুর রহমানের সহধর্মিনী ও আওয়ামী লীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আইভি রহমানের ১৩তম শহীদ দিবস উপলক্ষে আজ বৃহস্পতিবার বাদ আছর তার গুলশানের বাসভবনে মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই মিলাদ ও দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন। সংবাদ বাসস-এর।
মিলাদ মাহফিলে মরহুমার আত্মীয়-স্বজন, বন্ধু-শুভাকাঙ্ক্ষী এবং মন্ত্রিবর্গ, প্রধানমন্ত্রীর উপদেষ্টাবৃন্দ, জাতীয় সংসদ সদস্যবৃন্দ, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালকগণ উপস্থিত ছিলেন।
মিলাদে আইভি রহমান, জিল্লুর রহমান ও ২১ আগস্টের অন্যান্য শহীদের আত্মার মাগফেরাত কামনায় বিশেষ দোয়া করা হয়।
এর আগে প্রধানমন্ত্রী আইভি রহমানের পুত্র নাজমুল হাসান পাপন এমপিসহ মরহুমার পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন ও তাদের সান্ত্বনা দেন।
আইভি রহমান ২০০৪ সালে ২১ আগস্ট বঙ্গবন্ধু এভিনিউতে আওয়ামী লীগের শান্তিপূর্ণ সমাবেশে নৃশংস গ্রেনেড হামলায় গুরুতর আহত হয়ে এই দিনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম