মাস্টারি বিডি । বাঁধন খান
ফিচার । ঢাকা । ১৭ এপ্রিল ২০১৯ । ০৪ বৈশাখ ১৪২৬
বিজ্ঞান ও প্রযুক্তির বিপ্লবের যুগে হারিয়ে যাচ্ছে গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলাধুলা। শৈশবে যেসব খেলাধুলা খেলেছিলেন আজকের পৌঢ়রা বৃদ্ধরা- সেসব খেলাধুলার চর্চা না দেখতে পেয়ে তারাও এখন ভুলে গেছেন বহু খেলার নাম।
এক সময় গ্রামের শিশু ও যুবকরা পড়াশোনার পাশাপাশি বিভিন্ন ধরনের খেলাধুলায় অভ্যস্ত ছিল। তারা অবসরে গ্রামের খোলা মাঠে দলবেঁধে খেলতো যেসব খেলা- তাতে করে একদিকে যেমন তাদের নির্মল আনন্দ হতো তেমনি হতো শারীরিক ব্যায়ামও। আহা, খেলাধুলার মধ্যে কত যে দুরন্তপনা জড়িয়ে থাকতো!
একসময় সবচেয়ে বেশি প্রচলিত কাবাডি, দাঁড়িয়াবান্ধা, গোল্লাছুট, বৌচি, কানামাছি প্রভৃতি গ্রামীণ খেলার প্রচলন নেই। গ্রামবাংলার খেলাধুলার মধ্যে যেসব খেলা হারিয়ে গেছে তার মধ্যে হা-ডু-ডু, কাবাডি, দাঁড়িয়াবান্ধা, মন্দুরুজ, গাদন, খো-খো, ডাংগুলি, গোল্লাছুট, গোশত তোলা, চিক্কা, এ্যাঙ্গো এ্যাঙ্গো, কুতকুত, ল্যাংচা, কিং কিং খেলা, বোমবাস্টিং, হাড়িভাঙা, বুদ্ধিমন্তর, চাঁ খেলা, বৌচি, কাঠিছোঁয়া, দড়ি লাফানো, বরফ পানি, দড়ি টানাটানি, চেয়ার সিটিং, রুমাল চুরি, চোখবুঝাবুঝি, কানামাছি, ওপেন্টি বাইস্কোপ, নৌকাবাইচ, ঘোড়াদৌড়, এলাটিং বেলাটিং, আগডুম বাগডুম, ইচিং বিচিং, ইকড়ি মিকড়ি, ঝুম ঝুমা ঝুম, নোনতা বলরে, কপাল টোকা, বউরানী, ছক্কা, ব্যাঙ্গের মাথা, লাঠিখেলা, বলীখেলা, আইচ্চা ভাঙ্গা, এক্কাদোক্কা, কুৎ কুৎ, মইলা, রাম সাম যদু মদু, চোর ডাকাত, মার্বেল, রস কষ সিঙ্গারা বুলবুল, চাক্কি ঘোরানো বা চাকা ঘোরানো খেলা, সাতচাড়া, থিলো বা টিলো এম্প্রেস, ষোলগুড্ডা, ষাঁড়ের লড়াই, মোরগ লড়াই, চিলমোরগ, বুঝাবুঝি, বদন, লাপা লাপি, লগো লগো, ডালিম খেলা অন্যতম। ঐতিহ্যবাহী হারিয়ে যাওয়া এসব খেলাধুলা এখন আর তেমন কোথাও চোখে পড়ে না।

চাক্কি ঘোরানো বা চাকা ঘোরানো খেলাটির কথাই যদি বলা যায়। কী যে আনন্দ ছিল তাতে। সাইকেল বা রিকশার পরিত্যক্ত চাকা কিংবা লোহার রড দিয়ে গোলক বানিয়ে এমনকি বাঁশের চটি গোল করে বেঁধেও এই চাক্কি ঘোরানো খেলা জমে উঠতো। সেই দুরন্ত শৈশব কৈশোর যার অতীত হয়েছে- সে কি কখনো ভুলতে পারবে সেই স্মৃতিময় দিনগুলোর কথা? মোটেই তা সম্ভব নয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম