মাস্টারি বিডি । কাব্য
কবিতা । ১৬ নভেম্বর ২০১৮ । ২ অগ্রহায়ণ ১৪২৫
কী ভাগ্য আমার
কী ভাগ্য আমার
আমি জন্মেছি এই নবান্নে
শস্য ভরা বুকটা আমার
মন যে ভরা ধনধান্যে!
আমি শস্য বিলাই দু হাত ভরে
স্বপ্ন ভরি ক্ষুধার পাত্রে
আমি হাসি জাগাই দু ঠোঁট ভরে
প্রেম ছড়িয়ে দিই গভীর রাত্রে
কী ভাগ্য আমার
নতুন শস্যে ভরছে আমার ঘর
এই নবান্নে ফিরে আসে জন্মপ্রহর!
ফুস
বলো
শুনছি
খুব ভালো শ্রোতা আমি
কথা বলা আমার পছন্দ নয়
আমি শুধু শুনি
কে কী রঙের কথা কয়!
কেউ দুআনি কেউ চারানি
কেউ পুরো একখান টাকা
আমি শুধু দেখি
কার পকেট ভরে
কথার পূর্বপুরুষ রাখা।
বলো
শুনে রাখি
আমিও তো মুখের মানুষ
কী জানি কখন
মুখ ফসকে বের হয়ে আসে
ফুস!
তাড়া
বলতে চাচ্ছো কিছু
মনে পড়ছে কিছু ভুলে থাকা
খুব পোড়াচ্ছে কিছু না দেখা
খুব জালাচ্ছে কিছু না পাওয়া
কী দরকার পুষে রাখা
যা বলার আজই বলো
যা দেখার আজই দেখো
যা দেবার দাও না আজই
যা নেবার নাও তা আজই
কে যেনো জন্ম থেকে তাড়াচ্ছে খুব
কে যেনো ডুবে যেতে বাড়াচ্ছে ডুব
শুয়েছিলাম বসিয়ে দিলো
বসে ছিলাম দাঁড় করালো
দাঁড়িয়েছিলাম দৌঁড় শেখালো
কে যেনো জন্ম থেকে তাড়াচ্ছে খুব
কে যেনো চোখ রাঙাচ্ছে চোখের পাশে
কে যেনো থাপ্পড় মারে দুই চোয়ালে
কে যেনো কপাল ঠোকে এই কপালে
সকাল তাড়ায় দুপুর আনে
বিকেল তাড়ায় সন্ধে ডাকে
ঝড়ের বুকে বৃষ্টি রাখে
বৃষ্টির ভেতর রোদ ভরে দেয়
তোমার কাছে দাঁড়বো যে
তাতেও পায়ের মাপ জেনে নেয়
কে যেনো গুটি নাড়ে পিছন থেকে
বলে, দৌঁড় দে শালা পিরিত রেখে!!
হায়রে জীবন, হায়রে পিরিত
গ্রীষ্মে তোরে চেয়েছিলাম
কে যেনো তাড়াই তাড়াই আনলো শীত
তাড়ায় তাড়ায় একটা জীবন
ভাঙতে ভাঙতে একটা মন
গায়েবি সেই আদেশ ধরে
দাঁড়বে আর কতক্ষণ!!

ঘড়িমার্কা জীবন
রাত আসে
আবেগ আসে না
ঘুম আসলে আসুক
না আসলে
জোনাকির পিছনে ঘুরে বেড়াক
না হয় সে নিজেই ঘুমিয়ে পড়ুক
নতুন কিছু মনে হয় না!
কী করুম, মনে হয় না তো।
সকাল আসে
আবেগ আসে না
কী করুম আসে না তো
অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত
তোমার অস্ত্রাগার দেখি
গলা শুকায় না
কী করুম, শুকায় না তো।
দুপুর আসে
আবেগ আসে না
আকাশে অসীমে সূর্যের কী কাজ
তাও বুঝি না
তৃতীয় স্তরের কিছু রোদ এসে
তৃতীয় বিশ্বের পীঠ পোড়ায়
তাও পেড়ে কিনা
ঠিকঠাক বুঝি না
কী করুম, বুঝি না তো!
বিকেল আসে
আবেগ আসে না
কফির শেষ ধোয়ার ওপাশে
ঝিরিঝিরি হাওয়ায় প্রজাপতি ওড়ে
ক্লান্ত সারসের ডানায় জাগে
ঘরে ফেরার টান
ক্যান তারা ঘরে ফেরে
কী করুম, বুঝি নাতো!
ঘড়িমার্কা জীবন
বারোটায় দুপুর
আবার বারোটায় রাত !
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম


