
মাস্টারি বিডি | শান্তা ইসলাম
ফিচার | ঢাকা | ০৬ আগস্ট ২০১৯ | ২২ শ্রাবণ ১৪২৬
হরবোলা আবাসিক পাখি। এ পাখির বাংলা নাম ‘কমলাপেট হরবোলা’, ইংরেজি নাম ‘অরেঞ্জ বেলিড লিফবার্ড’ (Orange-bellied Leafbird), বৈজ্ঞানিক নাম Chloropsis hardwickii। এরা ‘কমলাপেট পাতা বুলবুলি’ নামেও পরিচিত।

দেখতে অত্যন্ত সুন্দর ছিপছিপে গড়নের এ পাখি পাহাড়ি এলাকার চিরসবুজ বনাঞ্চলে বসবাস করে থাকে। দলবদ্ধভাবে বিচরণ করে আবার একাকীও দেখা যায় মাঝেমধ্যে। স্বভাবে ভারি চঞ্চল এ পাখি। কোথাও একদণ্ড চুপচাপ বসে থাকে না। ব্যস্ত সময় কাটায় সারাদিন গাছ-গাছালিতে ঘুরে। এরই মধ্যে খাবারও কিন্তু সংগ্রহ করে।

হরবোলা পাখির বড় গুণ হচ্ছে এরা সহজে যে কোনো পাখির ডাক নকল করতে পারে। আবার নিজেরাও সুমধুর সুরে ডাকে, ‘শিওয়াটশিশি-শিওয়াটশিশি-শিওয়াটশিশি…’।

হরবোলার বৈশ্বিক বিস্তৃতি বাংলাদেশ, ভারত, নেপাল, ভুটান, মিয়ানমার, থাইল্যান্ড, ভিয়েতনাম, লাওস, হংকং ও মালয়েশিয়া পর্যন্ত। বাংলাদেশে যত্রতত্র দেখার নজির নেই।

কেবলমাত্র চট্টগ্রামের গহিন অরণ্যে দেখা মেলে। সমগ্র বিশ্বে এদের সংখ্যা ক্রমান্বয়ে হ্রাস পাচ্ছে বিধায় আইইউসিএন প্রজাতিটিকে ন্যূনতম বিপদগ্রস্ত ঘোষণা করেছে। বাংলাদেশের বন্যপ্রাণী আইনেও এরা সংরক্ষিত।

স্ত্রী-পুরুষ পাখির চেহারায় পার্থক্য রয়েছে। অপ্রাপ্তবয়স্করা দেখতে অনেকটাই স্ত্রী পাখির মতো। প্রজনন মৌসুম মে থেকে আগস্ট।

মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম