
মাস্টারি বিডি ।
বিনোদন ডেস্ক । ১১ আগস্ট ২০১৮ । ২৭ শ্রাবণ ১৪২৫
কলকাতার জনপ্রিয় অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। তিনি বাংলাদেশের একাধিক ছবিতে নায়িকার ভূমিকায় অভিনয় করে বেশ জনপ্রিয়তা অর্জন করেছেন। তবে এবার তাকে দেখা যাবে বাংলাদেশের একটি ছবির আইটেম গানে পারফর্ম করতে।

নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত নির্মাণ অপেক্ষায় থাকা ‘গাঙচিল’ ছবির আইটেম গানের সাথে পারফর্ম করতে দেখা যাবে এই আবেদনময়ী অভিনেত্রীকে।

‘গাঙচিল’ ছবিটি নির্মিত হবে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের উপন্যাস অবলম্বনে। আর ছবিটিতে জুটিবদ্ধ হচ্ছেন জনপ্রিয় চিত্রনায়ক ফেরদৌস ও চিত্রনায়িকা পূর্ণিমা।

নির্মাতা ইমতিয়াজ নেয়ামুল বললেন, ‘গল্পের প্রয়োজনে ঋতুপর্ণা পর্দায় হাজির হবেন। ঋতুপর্ণা যে চরিত্রে অভিনয় করবেন, তেমন চরিত্র উপন্যাসে নেই।

কিন্তু এমন প্রায়ই হয় যে হঠাৎ করেই কোনো এক চরিত্রের প্রয়োজন হয়, যেমন আইটেম গান। আর তাই ছবির আইটেম গানে তাকে দেখা যাবে।’

প্রসঙ্গত, এর আগেও নঈম ইমতিয়াজ নেয়ামুল পরিচালিত ‘এক কাপ চা’ ছবিতেও আইটেম গানে পারফর্ম করতে দেখা গিয়েছিলো অভিনেত্রী ঋতুপর্ণাকে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম