Home / এই দিন / ‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন’
valentine+mbd-8

‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন’

মাস্টারি বিডি । শান্তা ইসলাম

প্রতিবেদন । ১৪ ফেব্রুয়ারি ২০১৯ । ০২ ফব্রুয়ারি ১৪২৫

আজ বিশ্ব ভালোবাসা দিবস। সারা বিশ্বে এ দিবসটি ভ্যালেনটাইন্স ডে হিসেবে পালিত হয়ে থাকে। আমাদের চারপাশে দারুণ প্রেমময় আকুতির অনুভূতি ছড়িয়ে আছে- ছড়িয়ে থাকে। দেশে দেশে আজ ভালোবাসায় উজ্জীবনের নতুন আবেশ। পৃথিবীর সবচেয়ে মধুর কোমল দুরন্ত মানবিক অনুভূতি আর সবচেয়ে বেশিবার উচ্চারিত শব্দমালা এই ভালোবাসা। যা মানুষকে সাহস জোগায় সামনে এগিয়ে যাওয়ার, শক্তি জোগায় শোক, ব্যথা আর হতাশার মধ্যেও বেঁচে থাকার। বসন্তের আবির মেখে আবারও ফিরে এসেছে সেই ভালোবাসার দিন। আজ সেই ভালোবাসা দিবস। শুভ ভালোবাসা – শুভ ভ্যালেনটাইন্স ডে, হে বন্ধু আমার।

valentine+mbd-3

বসন্তময় এই ভালোবাসার দিনে আজ অনুরাগতাড়িত সব হৃদয় এফোঁড়-ওফোঁড় হবে দেবতা কিউপিডের বাঁকা ইশারায়। এই ভালোবাসা শুধু কেবল তরুণ-তরুণীর নয়, ‘বয়সী তরুণদের’ জন্যও বটে।

valentine+mbdআজ প্রেমিক-প্রেমিকার কপোত-কপোতির তথা প্রেমিক জুটিদের পদচারণায় মুখর হবে রাজধানীর বাগ-বাগিচা আর বিনোদন কেন্দ্রগুলো। বই বা কার্ডের ফাঁকে ভালোবাসায় সিক্ত গোলাপকলি গুঁজে দিয়ে তারা একে অপরকে জানাবে ভালোবাসা। শুধু কি রাজধানী? সারা বাংলাদেশই আজ উষ্ণ হয়ে উঠবে ভালোবাসার আবেগে।

ছয় ঋতুর মধ্যে বসন্ত প্রেম ও রোমান্টিকতার প্রতীক হিসেবে পরিগণিত। এ সময় নতুন পাতায় নতুন মুকুলে ফুলে ভরা প্রকৃতির প্রভাবে মানুষের মনও হু হু করে ওঠে। আর এ আবেগে আরো আরো ইন্ধন জোগায় ঘ্রাণময় উদাসি বাতাস, মহুর্মুহু কোকিলের ডাক।

ভালোবাসা দিবসের সঙ্গে পহেলা ফাল্গুন তথা বসন্তের কালগত নৈকট্য যদিও কাকতালীয়। কারণ কয়েক বছর আগেও বাংলাদেশে এ দিবসটির তেমন আওয়াজ ছিল না। আশির দশকে এ দিনটি স্বৈরাচার প্রতিরোধ দিবস হিসেবেই বাংলাদেশে বেশি পালিত হতো। কিন্তু নব্বইয়ের মাঝামাঝি কাল থেকে বিশ্ব রাজনীতি, অর্থনীতি ও সংস্কৃতির পট পরিবর্তনের মধ্য দিয়ে এবং আকাশ-সংস্কৃতির প্রভাবে বাংলাদেশেও ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবস হিসেবে উদযাপিত হতে থাকে। সম্প্রতি তা বিশেষত তরুণ-তরুণীদের কাছে অবশ্য পালনীয় হয়ে উঠেছে।

গত কয়েক দিন ধরে নগরীর বিভিন্ন বিপণিবিতানে ভালোবাসা দিবস উপলক্ষে তরুণ-তরুণীদের বিভিন্ন কার্ড, শোপিসসহ নানা উপহারসামগ্রী কিনতে দেখা গেছে।

valentine+mbd-5

ভালোবাসা দিবস উপলক্ষে বিভিন্ন সংগঠন নানা অনুষ্ঠানের আয়োজন করেছে। নাম করা হোটেল ও রেস্টুরেন্ট বিশেষ লাঞ্চ এবং ক্যান্ডেল লাইট ডিনারের ব্যবস্থা করেছে। বিভিন্ন টেলিভিশন চ্যানেল ও বেতার কেন্দ্র প্রচার করবে বিশেষ অনুষ্ঠান। ফোন কোম্পানিগুলো ঘোষণা করেছে বিশেষ প্যাকেজ।

valentine+mbd-6

ভালোবাসা দিবসের ইতিহাস খুঁজতে গেলে পাওয়া যায় নানা কাহিনী। সবচেয়ে প্রচলিত কাহিনী হচ্ছে রোমান একজন ক্রিশ্চিয়ান পাদ্রিকে ঘিরে। তার নাম সেইন্ট ভ্যালেন্টাইন। এই পাদ্রি চিকিৎসকও ছিলেন। খ্রিষ্টধর্ম প্রচারের অভিযোগে ২৭০ খ্রিষ্টাব্দে তাকে মৃত্যুদণ্ড দেন রোমের দ্বিতীয় ক্লডিয়াস। তিনি যখন কারাগারে বন্দি ছিলেন, তখন ছোট ছেলেমেয়েরা তাকে ভালোবাসার কথা জানিয়ে জানালা দিয়ে চিঠি ছুড়ে দিত। কারাগারে বন্দি অবস্থায় চিকিৎসা করে জেলারের মেয়ের দৃষ্টিশক্তি ফিরিয়ে দেন এই সেইন্ট ভ্যালেন্টাইন। চিকিৎসার সময় মেয়েটির সঙ্গে নিবিড় সখ্য গড়ে ওঠে তার। মৃত্যুদণ্ড কার্যকর হওয়ার আগে মেয়েটিকে তিনি যে চিঠি লেখেন, তার নিচে লেখা ছিল, ‘ফ্রম ইওর ভ্যালেন্টাইন’। অনেকে মনে করেন, সেইন্ট ভ্যালেন্টাইনের নামানুসারেই প্রথম জুলিয়াস ৪৯৬ খ্রিষ্টাব্দে ১৪ ফেব্রুয়ারিকে ‘সেইন্ট ভ্যালেন্টাইনস ডে’ হিসেবে ঘোষণা করেন। ইতিহাসে আরও একজন ভ্যালেন্টাইন রয়েছেন। যুদ্ধের জন্য দক্ষ সৈনিক সংগ্রহের জন্য রোমান সম্রাট ক্লডিয়াস যুবকদের বিয়ের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেন। কিন্তু এ ভ্যালেন্টাইন নিয়ম ভঙ্গ করে প্রেম ও বিয়ে করেন। ফলে তার মৃত্যুদণ্ড হয়।

valentine+mbd-4

পুরনো ধারণা মতে, ১৪ ফেব্রুয়ারি পাখিরা সঙ্গী বেছে নেয়। এ দিনটি তাই নিবেদনের সবচেয়ে উপযুক্ত দিবস। এদিন রোমানরা বাক্সের ভেতর নাম রেখে লটারি করে তাদের প্রিয়তম বা প্রিয়তমাকে বেছে নিতো। ১৭০০ সালের দিকে ইংরেজ নারীরা কাগজে তাদের পরিচিত পুরুষদের নাম লিখে কাদামাটি মিশিয়ে পানিতে ছুড়ে মারত। যার নাম সবার আগে ভেসে উঠত, সেই হতো প্রকৃত প্রিয়তম বা প্রিয়তমা।

valentine+mbd-7

এমন সব মিথকে ঘিরে বিকশিত সেইন্ট ভ্যালেন্টাইনস ডে বা বিশ্ব ভালোবাসা দিবস ছড়িয়ে পড়েছে এখন সারা বিশ্বে। অবগুণ্ঠিত জীবনে প্রেমপিয়াসী হৃদয় বছরের এই একটি দিনকে বেছে নিয়েছে অন্তরের ব্যাকুল কথার ফুল ফোটাতে। ভালোবাসার এই দিনে আজ হৃদয়গহনে তারাপুঞ্জের মতো ফুটবে সেই অনাদিকালের সুর। আজ বর্ণাঢ্য আনুষ্ঠানিকতা-অনানুষ্ঠানিকতায় ভালোবাসার উৎসবে মুখর হবে জনপদ। হাইটেকের ডিজিটাল সময়ে মুঠোফোনের মেসেজ বার্তা, ই-মেইল অথবা অনলাইনের চ্যাটিংয়ে পুঞ্জ পুঞ্জ পল্লবিত হয়ে উঠবে প্রেমকথার কিশলয়। জয়তু ভালোবাসা।

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

18 7 2026 99

ইট উৎপাদনের জন্যে পরিবেশবান্ধব বিকল্প প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ প্রধানমন্ত্রীর

শনিবার, ১৮ জুলাই ২০২৬, ৩ শ্রাবণ ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান ইট উৎপাদনের জন্যে …

Leave a Reply

Your email address will not be published.