Home / আন্তর্জাতিক / কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি
25 5 25 2

কানে ‘আলী’র বিশেষ স্বীকৃতি

রবিবার ২৫ মে ২০২৫ মাসস

৭৮তম কান আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি পেয়েছে বাংলাদেশের স্বল্পদৈর্ঘ্য সিনেমা ‘আলী’। স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র শাখার স্পেশাল মেনশন (বিশেষ উল্লেখযোগ্য ছবি হিসেবে স্বীকৃতি) দেওয়া হয়েছে আদনান আল রাজীব পরিচালিত সিনেমাটিকে। আজ উৎসবের সমাপনী দিনে এই ঘোষণা করা হয়।

সিনেমাটি কানে প্রদর্শিত হয় গত শুক্রবার। প্রিমিয়ারের আগে কান থেকে আদনান আল রাজীব প্রথম আলোকে বলেছিলেন, ‘রাত পোহালেই আপনাদের সিনেমার প্রদর্শনী, কী অনুভূতি হচ্ছে।’ এমন প্রশ্নে এই পরিচালক বলেন, ‘গায়ে কাঁটা দিচ্ছে।’ দেশ–বিদেশের সিনেমা সমালোচক, পরিচালক, প্রযোজক সিনেমাটি নিয়ে কী বলেন, সে অভিজ্ঞতাকে কাজে লাগাতে চান তিনি।

পুরস্কার জিতেছে ‘আলী’। কানের ইনস্টাগ্রাম থাকে
আদনান আরও বলেন, ‘আমি বরাবরই বিশ্বাস করি, যখন আপনি সত্যিকারের কিছু বলেন, সবাই সেটা অনুভব করতে পারে, সে যে–ই হোক না কেন। আমি মুখোমুখি হব একজন নির্মাতা হিসেবে, নিজের গল্প নিয়ে, নিজের ভাষা নিয়ে। ভয় নেই; কারণ, আমি জানি এটা আমার সত্য।’

নাটক, বিজ্ঞাপনচিত্র ও চলচ্চিত্র বানিয়ে ১৮ বছর পার করেছেন আদনান আল রাজীব। পরিচালক হিসেবে সবচেয়ে মন ভালো করা খবরটি পেলেন। ১৫ মিনিটের সিনেমা ‘আলী’ ছবির শুটিং প্রসঙ্গে আদনান জানান, গত বছরের ডিসেম্বরে সিলেটের বিভিন্ন লোকেশনে শুটিং করেছিলেন। টানা পাঁচ দিন কাজ করে শুটিং শেষ করেন।

সিনেমাটি উৎসবের কথা মাথায় রেখে বানিয়েছিলেন আদনান আল রাজীব। তবে তা যে কান উৎসব হবে, ভাবেননি তিনি। কানে মনোনয়নের পর আদনান প্রথম আলোকে বলেছিলেন, ‘আমরা তো আসলে কখনোই কান উৎসবের কথা ভাবিনি। এটা তো স্বপ্নের মতো ব্যাপার। আমাদের লক্ষ্য ছিল একটা ফিল্ম বানাব। এরপর একটা অভিনব ভাবনা মাথায় আসে। তখন আমার কাছে মনে হয়েছিল, এই ভাবনা নিয়ে কাজ করি

আমাদের একটা প্রতিষ্ঠান তৈরি হয়েছে, ক্যাটালগ নামে। বাংলাদেশ থেকে সেই প্রতিষ্ঠানে আছি আমি আর তানভীর, ফিলিপাইন থেকে আছে আমাদের আরও দুজন বন্ধু। চারজন মিলে গত বছরে প্রতিষ্ঠানটা শুরু করি। শুরুর পর কোনো কাজ করা হচ্ছিল না। এরপর আমরা কাজ শুরু করলাম। “আলী” গল্পটা বানালাম, যা আমাদের প্রতিষ্ঠানের প্রথম প্রযোজনা। ফেব্রুয়ারিতে আমরা জমা দিই কান উৎসবে। এরপর জানতে পারলাম মনোনয়নের খবর।’

কান উৎসবের অফিশিয়াল সাইটে সিনেমাটির গল্প নিয়ে বলা হয়েছে, উপকূলীয় একটি শহরের গল্প, যেখানে নারীদের গান গাইতে দেওয়া হয় না। সেখানে এক কিশোর গানের প্রতিযোগিতায় অংশ নিয়ে উপকূল ছেড়ে শহরে যেতে চায়। কিন্তু এই গান গাওয়া নিয়েই রয়েছে এক রহস্য। সিনেমায় নাম ভূমিকায় অভিনয় করছেন আল আমিন।

সূত্র : প্রথম আলো

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

13 8 2026 7777899

দেশে গণিত অলিম্পিয়াডের কার্যক্রম বিস্তৃত করতে সব ধরনের সহযোগিতা করবে সরকার : প্রধানমন্ত্রী

বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬, ২৯ শ্রাবণ ১৪৩৩ । মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, দেশে গণিত …