Home / উন্নয়ন / কাঁঠালবাড়ি ফেরি ঘাট উদ্বোধন : নৌপথের দূরত্ব কমল ৫ কি.মি.
sajahan+khan+madaripur+elias+ghat+mbd-okay

কাঁঠালবাড়ি ফেরি ঘাট উদ্বোধন : নৌপথের দূরত্ব কমল ৫ কি.মি.

মাস্টারি বিডি ডটকম
মাদারীপুর । ১৫ জানুয়ারি ২০১৭ । ০২ মাঘ ১৪২৩

দক্ষিণাঞ্চলের ২১ জেলার হাজারো যাত্রীর আনাগোনায় মুখর কাওড়াকান্দি ফেরি ঘাট ইতিহাস হয়ে গেল। কাঁঠালবাড়িতে চালু হওয়া নতুন ঘাট দিয়েই এখন পদ্মা পার হবে ওই অঞ্চলের মানুষ।

আজ রোববার শিবচর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাট উদ্বোধন করেন নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান।

বেলা ১২ টার দিকে উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ঘাট সরিয়ে আনায় দক্ষিণাঞ্চলের যাত্রীদের দীর্ঘদিনের দুর্ভোগ অনেকাংশেই কমে আসবে বলে উল্লেখ করেন নৌমন্ত্রী।

তিনি বলেন, ১৯৯৬ সালে কাওড়াকান্দি (চরজানাজাত) ঘাট স্থাপন করার পর থেকে এই রুটটি ব্যবহার করে দক্ষিণাঞ্চলের মানুষ যাতায়াত করা শুরু করে। এ রুটে পদ্মা পার হতে দীর্ঘ সময় লাগত।

তিনি বলেন, যাত্রীদের দুর্ভোগের কথা চিন্তা করে কাওড়াকান্দি থেকে ঘাটটি কাঁঠালবাড়িতে সরিয়ে নিয়ে আসার ফলে আগের চেয়ে ৪০ মিনিট কম সময়ে পদ্মা পাড়ি দেওয়া যাবে।
এতে এই অঞ্চলের মানুষের দীর্ঘদিনের ভোগান্তি দূর হয়ে গেল।

কাওরাকান্দি ঘাট- ইতিহাসের পাতায়
কাওরাকান্দি ঘাট- ইতিহাসের পাতায়

নৌপরিবহন মন্ত্রী শাজাহান খান বলেছেন, কাওড়াকান্দি থেকে কাঁঠালবাড়িতে ফেরিঘাট স্থানান্তরের ফলে নৌপথের দূরত্ব কমবে ৫ কিলোমিটার। এতে অনেক যানবাহন পার্কিং করতে পারবে, ঘাট এলাকায় কোন যানজট থাকবে না।

সেইসঙ্গে ঘাটে যেন কোনোভাবেই চাঁদাবাজি না হয় সে বিষয় সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেন মন্ত্রী।

তিনি হুঁশিয়ার করে দিয়ে বলেন, খেয়াল রাখতে হবে কোনোভাবেই যেন ঘাটে চাঁদাবাজি না হয়।

ইলিয়াস আহমেদ চৌধুরী ফেরি ঘাটের ব্যবস্থাপক আবদুস সালাম জানান, ১৫ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই নতুন ঘাটে চারটি হাই-ওয়াটার ও চারটি লো-ওয়াটার ঘাট, পার্কিং ইয়ার্ড, পুলিশ ব্যারাক, যাত্রী বিশ্রামাগারসহ নানা স্থাপনা নির্মাণ করা হয়েছে।

তিনি বলেন, কাওড়াকান্দি থেকে শিমুলিয়ার আগের দূরত্ব ছিল ১৩ কিলোমিটার। বর্তমান ঘাট সরিয়ে কাঁঠালবাড়িতে নিয়ে আসায় নদী পথ কমে আট কিলোমিটারে দাঁড়িয়েছে।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য নুর-ই-আলম লিটন চৌধুরী, মাদারীপুরের সংরক্ষিত মহিলা আসনের সাংসদ রোকসানা ইয়াছমিন ছুটি, পদ্মা সেতুর প্রকল্প পরিচালক শফিকুল ইসলাম, সেতু বিভাগের সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম, জেলা প্রশাসক মো. কামাল উদ্দিন বিশ্বাস, জেলা পরিষদের চেয়ারম্যান মিয়াজউদ্দিন খান, পুলিশ সুপার মোহাম্মদ সরোয়ার হোসেন প্রমুখ।

কাঁঠালবাড়ি থেকে ফেরি ছেড়ে পদ্মার ওপারে আগের শিমুলিয়া ঘাটেই থামবে। এ রুটের নামকরণ হয়েছে শিমুলিয়া-কাঠাঁলবাড়ি ইলিয়াস চৌধুরী ফেরি রুট।

অভ‌্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বলছে, নতুন ঘাট যাত্রীদের অন্তত পাঁচ কিলোমিটার যাত্রা কমিয়ে দেবে, সময় বাঁচবে আধা ঘণ্টা। দূরত্ব কমে যাওয়ার কারণে শতশত কোটি টাকার জ্বালানি সাশ্রয় হবে।

বিআইডব্লিউটিএর পুরকৌশল বিভাগের তত্ত্বাবধায়ক প্রকৌশলী হারুন-অর-রশীদ অপু জানান, এরই মধ্যে নতুন ঘাটের পার্কিং ইয়ার্ড, লঞ্চ জেটি, প্যাসেঞ্জার লোডিং, টিকেট কাউন্টার, টয়লেট কমপ্লেক্স, পুলিশ বক্স, তীর রক্ষা, লঞ্চ জেটি, অভ্যন্তরীণ রাস্তাসহ আনুষঙ্গিক কাজ সম্পন্ন হয়েছে।

এছাড়া রো রো ফেরি পন্টুন ও অন্যান্য ফেরির পন্টুন বসানোর কাজও শেষ হয়েছে। ফেরির পাশাপাশি ৮৬টি লঞ্চ ও তিন শতাধিক স্পিডবোটও এ ঘাট থেকে এখন চলাচল করবে বলে কর্মকর্তারা জানিয়েছেন।

ঘাট স্থানান্তরে বিআইডব্লিউটিএর প্রকৌশল বিভাগের প্রায় ১৫ কোটি টাকা ব্যয় হয়েছে বলে জানান হারুন-অর-রশীদ অপু। পন্টুন স্থাপনসহ ও ড্রেজিংয়ের ব্যয় এর মধ‌্যে ধরা হয়নি।

sajahan+khan+madaripur+elias+ghat+mbd-in

গত ৮ জানুয়ারি সড়ক ও পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের পদ্মা সেতুর জাজিরা প্রান্তের এ্যাপ্রোচ সড়ক আনুষ্ঠানিকভাবে খুলে দিলে কাঠাঁলবাড়ি থেকে অনানুষ্ঠানিক ফেরি পারাপার শুরু হয়।

বিআইডব্লিউটিসির সহকারী মহাব্যবস্থাপক খন্দকার খালিদ নেওয়াজ জানান, এখনও কাওড়াকান্দির চারটি ঘাট থেকে দুটি কাঠাঁলবাড়িতে নেওয়া হয়েছে। শিগগিরই বাকি দুই ঘাটও স্থানান্তর করা হবে।

উল্টো দিকে শিমুলিয়ায় আরও একটি ঘাট বাড়ানো প্রয়োজন জানিয়ে এই কর্মকর্তা বলেন, দুই তীরে ঘাট সমান হলে পারাপারের গতি বাড়বে।

পদ্মা সেতু চালুর দুই বছর আগেই নতুন ফেরিঘাট চালু হওয়ায় খুশি সাধারণ যাত্রীরা। যদিও অনেক বলছেন, নতুন ঘাট কাঁঠালবাড়িতে না করে নাওডোবায় হলে আরও চার কিলোমিটার দূরত্ব কমানো যেত।

কর্মকর্তারা জানান, পদ্মাসেতুর জন্যই কাওড়াকান্দি থেকে ঘাট সরিয়ে কাঁঠালবাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। জাজিরার সীমান্তবর্তী মাদারীপুর জেলার শিবচর উপজেলার কাঁঠালবাড়িতে ঘাট সরে যাওয়ায় বানাতে হয়েছে পাঁচচর পর্যন্ত সংযোগ সড়ক।

সড়কের ১২ কিলোমিটারের মধ্যে ১১ কিলোমিটারের কাজ এরইমধ‌্যে শেষ হয়েছে। পাকুর পাথর ব্যবহার করে বানানো এ সড়কের মাত্র ৮ কিলোমিটার ব্যবহার হচ্ছে ফেরি ঘাটের জন্য।

পদ্মা সেতুর জন্য সেতু বিভাগ নাওডোবা-পাঁচচর ও বাংলাবাজার-পাঁচচরের পথে যে দুটি অ্যাপ্রোচ সড়ক তৈরি করেছে, সেগুলো দিয়েই এ ঘাট থেকে ফেরির যানবাহন পাঁচচর পৌঁছাবে ও ঘাটে আসবে।

জাজিরা সংযোগ সড়ক নির্মাণ প্রকল্পের দায়িত্বপ্রাপ্ত সাইট ইঞ্জিনিয়ার সাইফুর রশীদ জানান, আবুল মুনেম ঠিকাদারি কোম্পানি তিন বছরের চেষ্টায় মূল পদ্মাসেতুর জাজিরা সংযোগ সড়কের কাজ শেষ করছে। ১২০০ কোটি টাকার এ সংযোগ সড়কে ২০টি কালভার্ট, আটটি আন্ডারপাস ও পাঁচটি ছোট সেতু রয়েছে।

সূত্র : বাসস ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

12 4 2026 66

৯২ তে থামলেন আশা ভোসলে

ঢাকা, রবিবার ১২ এপ্রিল ২০২৬ মাসস প্রয়াত বর্ষীয়ান সঙ্গীতশিল্পী আশা ভোসলে। বয়স হয়েছিল ৯২। শনিবার সন্ধ্যাবেলা হঠাৎই …

Leave a Reply

Your email address will not be published.