মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৬ ডিসেম্বর ২০১৬ । ০২ পৌষ ১৪২৩
ঢাকা বিশ্ববিদ্যালয় এবং কলকাতা রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে আজ শুক্রবার থেকে ‘ঢাকা বিশ্ববিদ্যালয় উৎসব ২০১৬’ শুরু হচ্ছে।
এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক কলকাতায় পৌঁছেছেন।
উপাচার্য আজ সন্ধ্যায় রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে উৎসবের উদ্বোধন করবেন।
দু’দিনব্যাপী এই উৎসব অনুষ্ঠিত হবে আজ ১৬ ডিসেম্বর শুক্রবার ও আগামীকাল ১৭ ডিসেম্বর শনিবার।
উপাচার্য উৎসব শেষে আগামীকাল দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।
উৎসবে অংশগ্রহণের উদ্দেশ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের চেয়ারম্যান রেজওয়ানা চৌধুরী বন্যা ও সংগীত বিভাগের চেয়ারম্যান মহসীনা খানমসহ নৃত্যকলা ও সংগীত বিভাগের ২৫ জন শিক্ষক ও শিক্ষার্থী ইতোমধ্যেই কলকাতায় পৌঁছেছেন।
কর্মসূচি অনুযায়ী- উৎসবের দ্বিতীয় ও শেষ দিনে বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগ মঞ্চস্থ করবে মৈমনসিংহ গীতিকা অবলম্বনে তৈরি ‘সোনাই মাধব’ নৃত্যনাট্য। সংগীত বিভাগ উৎসবের প্রথম দিন দেশের গান ও শেষ দিন লোকগান পরিবেশন করবে।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে আজ একথা বলা হয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম