মাস্টারি বিডি ডটকম
নাটোর । ১৮ সেপ্টেম্বর ২০১৭ । ০৩ আশ্বিন ১৪২৪
নাটোরে ৫৮ কোটি ৩৩ লাখ টাকা ব্যয়ে শহরের ৫.৮৬ কিলোমিটার প্রধান সড়ক প্রশস্তকরণ প্রকল্পের কার্যক্রম আগামী মাস থেকে শুরু হতে যাচ্ছে। প্রকল্পের দরপত্র সম্পন্ন হওয়ার পর দরপত্র মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রণালয়ে চূড়ান্ত অনুমোদনের অপেক্ষায় রয়েছে। কাঙ্ক্ষিত এ সড়ক প্রশস্তকরণ কার্যক্রম শুরু হতে যাচ্ছে জানতে পেরে নাটোরবাসী অত্যন্ত আনন্দিত।

নাটোর সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা যায়, এই প্রকল্পে শহরের বড় হরিশপুর বাইপাস থেকে বনবেলঘরিয়া বাইপাস পর্যন্ত বিদ্যমান সড়ককে মিডিয়ানসহ (ডিভাইডার) ১২.২০ মিটার অর্থাৎ সড়কের মাঝে মিডিয়ানের উভয় দিকে ১৮ ফুট করে রাস্তা প্রশস্তকরণ করা হবে। এছাড়া রাস্তার উভয় দিকে থাকছে ১.২ মিটার অর্থাৎ চার ফুট করে ড্রেনসহ ফুটপাত। অর্থাৎ উভয় দিকের মোট ৩৬ ফুট রাস্তা ও আট ফুট ফুটপাত এবং চার ফুট মিডিয়ানসহ সড়কের মোট প্রশস্ততা হবে ৪৮ ফুট। সড়কের উভয় দিকের প্রকল্প বাস্তবায়নে জমি অধিগ্রহণের প্রয়োজন না হলেও রাস্তার উভয় দিকে কিছু অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং বৈদ্যুতিক খুঁটি ও পানি সরবরাহ লাইন স্থানান্তরের প্রয়োজন হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রামাণিক বলেন, দরপত্র মূল্যায়ন প্রতিবেদন মন্ত্রণালয়ের চূড়ান্ত অনুমোদন পেলে সংশ্লিষ্ট ঠিকাদার প্রতিষ্ঠানের কাছ থেকে পারফরমেন্স সিকিউরিটি গ্রহণ করে কার্যাদেশ প্রদান করা হবে। চলতি অর্থবছরে প্রকল্পের ব্যয় নির্বাহের জন্যে মন্ত্রণালয় ইতোমধ্যে ১৫ কোটি টাকা বরাদ্দ দিয়েছে।

আশা করা হচ্ছে, আগামী মাস থেকে রাস্তার কাজ শুরু করা সম্ভব হবে। ৩০ জুন ২০১৯-এর মধ্যে প্রকল্পের কাজ শেষ হবে।
নাটোর সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আরো বলেন, প্রকল্পাধীন রাস্তার দু’ধারে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড ও নাটোর পল্লী বিদ্যুৎ সমিতির ১৯৬টি বৈদ্যুতিক খুঁটি স্থানান্তরের জন্যে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, নাটোরকে ৯১ লাখ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে এবং এ সংক্রান্ত দরপত্র প্রক্রিয়াও শুরু হয়েছে। নাটোর পৌরসভার মাধ্যমে পানি সরবরাহ লাইন স্থানান্তরের প্রক্রিয়াও খুব শিগগিরই শুরু করার ব্যবস্থা গ্রহণ করা হবে।

শহরের সড়ক প্রশস্তকরণ প্রকল্পের দরপত্র প্রক্রিয়া শেষে কার্যক্রম শুরু হতে যাচ্ছে জেনে শহরবাসী স্বস্তি প্রকাশ করেছেন। অত্যন্ত আনন্দিত শহরের মানুষ মনে করেন, এর ফলে শহরের নিত্যদিনের যানজট সমস্যার সমাধান হবে এবং মানুষের মূল্যবান কর্মঘণ্টা রক্ষা পাবে।
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি মোঃ আমিনুল হক বলেন, প্রশস্ত সড়ককে কেন্দ্র করে নাটোরের অন্যান্য উন্নয়ন পরিকল্পনার উদ্যোগ নেয়া সম্ভব হবে। চলমান ব্যবসা বাণিজ্যে গতিশীলতা আসবে, বৃদ্ধি পাবে এর পরিসর। জীবনযাত্রার মান উন্নয়ন হবে।
নাটোর চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের সাবেক সভাপতি আব্দুল মান্নাফ বলেন, শহরের প্রধান সড়ক প্রশস্তকরণ কার্যক্রম শুরু হলে জেলা শহরে বাঁশের ডিভাইডার দিয়ে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণের দুর্নাম ঘুচবে! শহর হয়ে উঠবে নান্দনিক।
রাজনীতিবিদ ও ব্যবসায়ী এম.এ. মুঈদ বলেন, এই প্রকল্পের বাস্তবায়নে শহরে চলাচলকারী মানুষের নির্বিঘœ যাতায়াতের পাশাপাশি ব্যবসা বাণিজ্যের পরিধিও বাড়বে। তবে উভয় দিকে থাকা পৌরসভার রাস্তাগুলো প্রশস্ত করা হলে সুফলের পরিধি হবে শতভাগ। এজন্য পৌরসভার উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। একই মতামত জানিয়ে বিশিষ্ট ব্যবসায়ী সাজেদুল আলম খান বুড়া চৌধুরী বলেন, কলকাতার সমসাময়িক পুরনো নাটোর পৌরসভার উন্নয়ন পরিকল্পনায় রাস্তাগুলোর প্রশস্তকরণ এখন সময়ের দাবি।
নাটোর পৌরসভার মেয়র ঊমা চৌধুরী জলি এ ব্যাপারে বলেন, শহরের মানুষ চাইলে পৌরসভার রাস্তাগুলো প্রশস্তকরণের উদ্যোগ নেয়া যেতে পারে।

নাটোর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আসমাউল হুসনা আলভী জানায়, রাস্তা প্রশস্ত হলে যানজট ছাড়াই নির্বিঘ্নে স্কুলে যেতে পারব। সড়কের পাশে থাকা নাটোর নবাব সিরাজ-উদ্-দৌলা সরকারি কলেজের এলপিআর-এ যাওয়া অধ্যক্ষ প্রফেসর আব্দুল কুদ্দুস মৃধা বলেন, শহরে শিক্ষার্থীর সংখ্যা বহুগুণে বেড়েছে। সড়ক প্রশস্ত হলে শিক্ষার্থীদের চলাচল নিরাপদ হবে। পাশাপাশি শহরের সৌন্দর্যও বাড়বে।
নাটোর জেলা পুলিশের ট্রাফিক ইন্সপেক্টর মাহমুদ উন নবী বলেন, শহরের প্রধান সড়ক প্রশস্ত হলে অনায়াসে ট্রাফিক ব্যবস্থা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে, মানুষের চলাচল হবে নির্বিঘ্ন।

নাটোর সদর আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম শিমুল সংবাদমাধ্যমকে বলেন, শহরের প্রধান সড়ক প্রশস্তকরণের পাশাপাশি রানী ভবানী রাজবাড়ীকে পূর্ণাঙ্গ পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলা ও শহরের মধ্যদিয়ে প্রবাহিত নারদ নদ সংস্কার করে উভয় পাশে চলাচলের ব্যবস্থা করে পরিকল্পিত শহর গড়ার পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে সকলের কাছে ঐতিহ্যবাহী নাটোর হবে আদরনীয় শহর। বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম