Home / জাতীয় / এলজিইডির নির্মাণাধীন একটি সেতু চালুর অপেক্ষায় পাঁচ লাখ মানুষ!
22 7 2026 1111

এলজিইডির নির্মাণাধীন একটি সেতু চালুর অপেক্ষায় পাঁচ লাখ মানুষ!

বুধবার, ২২ জুলাই ২০২৬, ৭ শ্রাবণ ১৪৩৩ | মাসস

তিন মাস ধরে থেমে আছে এই সেতুর নির্মাণকাজ। ঝুঁকিপূর্ণ বেইলি ব্রিজ আর প্রায় ৩০ কিলোমিটার ঘুরপথই এখন কয়েক লাখ মানুষের প্রতিদিনের বাস্তবতা। চরমে উঠেছে স্থানীয়দের দুর্ভোগ।

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার কালপুর বেইলি ব্রিজের পাশেই নির্মাণ হচ্ছে আধুনিক এই সেতু। ২০২৩ সালের নভেম্বরে শুরু হওয়া প্রকল্পটির কাজ শেষ হওয়ার কথা ২০২৬ সালের নভেম্বরে। কিন্তু স্থানীয়দের অভিযোগ, প্রায় তিন মাস ধরে নির্মাণকাজে নেই দৃশ্যমান অগ্রগতি। ফলে জীবনের ঝুঁকি নিয়েই পুরোনো বেইলি ব্রিজ ব্যবহার করছেন সাধারণ মানুষ। ভারী যানবাহন চলাচল করতে না পারায় প্রায় ৩০ কিলোমিটার ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। এতে বাড়ছে সময়, পরিবহন ব্যয়, কৃষিপণ্য পরিবহনের খরচ এবং জনদুর্ভোগ।

স্থানীয়দের অভিযোগ, কাজ বন্ধ রেখে ঠিকাদারি প্রতিষ্ঠান সাইট ছেড়ে চলে গেছে। তবে এ অভিযোগ অস্বীকার করেছে ঠিকাদারি প্রতিষ্ঠান। তাদের দাবি, ঠিকাদার পালিয়ে যাওয়ার তথ্য সঠিক নয়। ভূমি অধিগ্রহণসংক্রান্ত জটিলতা ও প্রশাসনিক প্রক্রিয়ার কারণেই সাময়িকভাবে কাজের গতি থেমে আছে।

উপজেলা প্রকৌশলী হারুন অর রশিদ জানান, ভূমি অধিগ্রহণের জটিলতা কাটলেই দ্রুত পূর্ণোদ্যমে কাজ শুরু হবে। আর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম বলেন, স্থানীয় মানুষের দুর্ভোগ বিবেচনায় নিয়ে সংশ্লিষ্ট দপ্তরগুলোর সঙ্গে সমন্বয় করে দ্রুত সমস্যার সমাধানে কাজ চলছে।

প্রায় ৩০ কোটি টাকার এই সেতুর নির্মাণ শেষ হলে বদলে যাবে শিবগঞ্জের যোগাযোগ ব্যবস্থা। কমবে সময়, ব্যয় ও দুর্ভোগ। তাই স্থানীয়দের একটাই দাবি—দ্রুত সব জটিলতার অবসান ঘটিয়ে নির্মাণকাজ শেষ করা হোক, যাতে স্বস্তি ফেরে প্রায় পাঁচ লাখ মানুষের চলাচলে।

সূত্র : বাংলাভিশন

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

17 7 2026 111

ফেসবুকে স্ট্যাটাস দিয়ে সাংবাদিকের আত্মহত্যা

শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ২ শ্রাবণ ১৪৩৩ | মাসস বৃহস্পতিবার (১৬ জুলাই) রাতে নিজ বাড়িতে …