মাস্টারি বিডি ডটকম । শান্তা ইসলাম
ঢাকা । ০৮ মার্চ ২০১৮ । ২৪ ফাল্গুন ১৪২৪
আজ ৮ মার্চ; আন্তর্জাতিক নারী দিবস। ‘সময় এখন নারীর : উন্নয়নে তাঁরা বদলে যাচ্ছে গ্রাম-শহরে কর্ম জীবনধারা’ শিরোনামে আজ বাংলাদেশসহ সারা বিশ্বে উদযাপিত হচ্ছে দিবসটি। পরিবার, সমাজ ও রাষ্ট্রে নারীর অধিকার রক্ষা, নারী-পুরুষের সমতা ও নারীর প্রতি ন্যায্যতা প্রতিষ্ঠাই এবারের নারী দিবসের মূল লক্ষ্য।
দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি আলাদা বাণী দিয়েছেন। বাণীতে রাষ্ট্রপতি বলেন, ‘নারীর ক্ষমতায়নে বাংলাদেশ আজ সারা বিশ্বে রোল মডেল হিসেবে স্বীকৃত।’ বাণীতে প্রধানমন্ত্রী বলেন, ‘নারীর অধিকার নিশ্চিত করতে সবাইকে একযোগে কাজ করতে হবে।
নারীর প্রতি যৌন হয়রানি বন্ধ করাসহ একই কাজে নিয়োজিত নারীদের পুরুষের সমান বেতন ও সুযোগ-সুবিধা দেওয়া ও রাজনীতিতে নারী প্রতিনিধি বাড়ানোর দাবিতে নিউইয়র্কে জাতিসংঘ দপ্তরের সামনে কর্মসূচি পালন হবে আজ। নির্যাতিত নারীরা ‘মি টু’ লেখা ব্যানার ও পোস্টার নিয়ে সমবেত হবেন সেখানে। এ ছাড়া বিশ্বের মোট জনসংখ্যার এক চতুর্থাংশই হলো গ্রাম ও পল্লী এলাকায় বসবাস করা নারী, যারা বিভিন্ন উন্নয়নের ছোঁয়া থেকে বঞ্চিত। গ্রামীণ নারীর অধিকার রক্ষা ও তাদের কার্যক্রমও তুলে ধরা হবে। দিবসটি উপলক্ষে জাতিসংঘের মহাসচিব অ্যান্তনিও গুতেরেসও বাণী দিয়েছেন।
দিবসটি উপলক্ষে সরকারিভাবে নানা কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে দিবসটি যথাযথ মর্যাদায় উদযাপন করা হবে। রাত ১২ টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বলনের মধ্য দিয়ে দিবসটি উদযাপনের সূচনা হয়। ‘আমরাই পারি পারিবারিক নির্যাতন প্রতিরোধ জোট’ এ অনুষ্ঠানের আয়োজন করে। এতে মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয় সকাল ১০ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠানের আয়োজন করেছে। মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন।
দিবসটি উপলক্ষে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও মানবাধিকার সংস্থাগুলো রাজধানীসহ সারাদেশে সমাবেশ, শোভাযাত্রা, সেমিনার, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করছে। জাতীয় মানবাধিকার কমিশন আগারগাঁওয়ে অবস্থিত মুক্তিযুদ্ধ যাদুঘরের অডিটোরিয়ামে বিকেলে আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে।
ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতাল ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে ‘কনসার্ট ফর উইম্যান’ অনুষ্ঠানের আয়োজন করেছে। সব বয়সী নারী ও ১২ বছর পর্যন্ত ছেলে শিশুদের জন্য কনসার্ট উন্মুক্ত থাকবে। জাতীয় প্রেসক্লাবের উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবসের নারী সাংবাদিকদের সম্মাননা ও অভিজ্ঞতা বিনিয়ম সভার আয়োজন করা হয়েছে কনফারেন্স লাউঞ্জে সকাল ১০ টায়।

এলজিইডি বিকাল ৩ টায় আত্মনির্ভরশীল নারীদের এক পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আয়োজন করেছে। সামাজিক প্রতিরোধ কমিটির (৭০টি নারী, মানবাধিকার ও উন্নয়ন সংগঠনের প্ল্যাটফরম) উদ্যোগে বিকাল ৩ টায় কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে সমাবেশের আয়োজন করেছে। ‘নারীশ্রমিক কণ্ঠ’ দুপুর ১২ টা থেকে সাড়ে ১২ টা পর্যন্ত জাতীয় প্রেসক্লাব চত্বরে ‘সর্বক্ষেত্রে নারীর এক-তৃতীয়াংশ অংশগ্রহণ এবং কর্মে নিযুক্ত সকল নারীর জন্য সমতাভিত্তিক মাতৃত্বকালীন সুবিধা নিশ্চিত কর’ এই দাবিতে মানববন্ধন ও র্যলির আয়োজন করেছে। এতে সভাপতিত্ব করবেন ‘নারীশ্রমিক কণ্ঠে’র আহ্বায়ক শিরীন আখতার এমপি। বাংলাদেশ নারীমুক্তি কেন্দ্রের উদ্যোগে আগামীকাল সকাল সাড়ে ১১ টায় জাতীয় প্রেস ক্লাবের সামনে মিছিল সমাবেশ অনুষ্ঠিত হবে। শাহাবাগে বিকেল ৫ টায় আন্তর্জাতিক নারী দিবস ও নারী সংহতির ১২তম প্রতিষ্ঠাবার্ষিকীতে বাল্যবিবাহ নিরোধ আইন বাতিল এবং পাড়া-মহল্লাসহ সর্বত্র ডে কেয়ার প্রতিষ্ঠার দাবিতে মশাল মিছিল করা হবে।
১৯১০ সালে ডেনমার্কের কোপেনহেগেনে সাম্যবাদী নারীদের আন্তর্জাতিক সম্মেলনে ৮ মার্চকে আন্তর্জাতিক নারী দিবস ঘোষণার প্রস্তাব করেন জার্মান কমিউনিস্ট আন্দোলনের নেত্রী ক্লারা জেটকিন। ১৯৭৪ সালে জাতিসংঘ দিনটিকে আন্তর্জাতিক নারী দিবসের স্বীকৃতি দেয়।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম