Home / খেলা / চাপে পড়েছে বাংলাদেশ
cricket+bd+vs+aust+mbd-2

চাপে পড়েছে বাংলাদেশ

মাস্টারি বিডি ডটকম
চট্টগ্রাম । ০৭ সেপ্টেম্বর ২০১৭ । ২৩ ভাদ্র ১৪২৪

অস্ট্রেলিয়ার বিপক্ষে চট্টগ্রাম টেস্টের চতুর্থ দিন নিজেদের দ্বিতীয় ইনিংসে ব্যাট করছে বাংলাদেশ।

স্টিভ ও’কিফের বলে আম্পায়ার এলবিডব্লিউ দেওয়ার পর রিভিউ নিয়ে বাঁচেন সাব্বির রহমান। প্যাডে লাগার আগে ব্যাট ছুঁয়েছিল বল। পরের বলে রিভিউ নেন অস্ট্রেলিয়ার অধিনায়ক স্টিভেন স্মিথ। অনেকটা এগিয়ে খেলেছিলেন সাব্বির। ইমপ্যাক্ট ছিল লাইনের বাইরে। নষ্ট হয় অস্ট্রেলিয়ার একটি রিভিউ। সেই ওভারেই সিলি পয়েন্টে কঠিন একটি সুযোগ দিয়ে বেঁচে যান মুশফিকুর রহিম।

ব্যাটসম্যারদের আসা-যাওয়ার স্রোতে বাধ দিতে পারছেন না কেউ। ২০ ওভারের মধ্যে সাজ ঘরে ফিরে গেছেন প্রথম পাঁচ ব্যাটসম্যানের সবাই। প্রমোশন পেয়ে চার নম্বরে নামা নাসির হোসেন ফিরেছেন স্টিভেন স্মিথকে ক্যাচ দিয়ে।

প্রতিটি বল খেলার পণ করে যেন নেমেছিলেন নাসির। স্টিভ ও’কিফের স্পিন করে বেরিয়ে যাওয়া বল অনায়াসে ছেড়ে দিতে পারতেন তিনি। তা না করে পা বাড়িয়ে খেলতে গেলেন। ঠিক মতো পারলেন না, ব্যাটের কানায় লেগে ক্যাচ গেল প্রথম স্লিপে।

৫ রান করে নাসির ফেরার সময় বাংলাদেশের স্কোর ৪৩/৫। মুশফিকুর রহিমের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সাব্বির রহমান।

তামিম ইকবাল, ইমরুল কায়েসের পর সাকিব আল হাসানকেও ফেরালেন ন্যাথান লায়ন। দারুণ বোলিং করা অফ স্পিনারের বেরিয়ে যাওয়া বলে দ্বিতীয় স্লিপে ডেভিড ওয়ার্নারের হাতে ধরা পড়েন সাকিব। প্রথম ইনিংসে ৭ উইকেট নেওয়া লায়নের ম্যাচে দশম শিকার তিনি।

সাকিবের বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ৩৯/৪। নাসির হোসেনের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন মুশফিকুর রহিম। স্বাগতিকরা পিছিয়ে ৩৩ রানে।

বাজে শট খেলে ইমরুল কায়েসের বিদায় চাপে পড়েছে বাংলাদেশ। ন্যাথান লায়নের বল বাঁহাতি ব্যাটসম্যানের শটে না ছিল পায়ের ব্যবহার, না ছিল জোর। টার্ন করে বেরিয়ে যাওয়া বলে সহজ ক্যাচ দিয়েছেন একস্ট্রা কাভারে গ্লেন ম্যাক্সওয়েলের কাছে।

১৫ রান করে ইমরুলের বিদায়ের সময় বাংলাদেশের স্কোর ৩৭ রান। নাসির হোসেনের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন সাকিব আল হাসান। স্বাগতিকরা এখনও পিছিয়ে ৩৫ রানে।

প্রথম ইনিংসে প্রথম পাঁচে বাঁহাতি ব্যাটসম্যান নামিয়েছিল বাংলাদেশ। প্রথম চার ব্যাটসম্যান ফিরেছিলেন অফ স্পিনার ন্যাথান লায়নের বলে এলবিডব্লিউ হয়ে। দ্বিতীয় ইনিংসে ব্যাটিং অর্ডারে পরিবর্তন এনেছে বাংলাদেশ। প্রথম তিনটি স্থান ঠিকই আছে। ক্যারিয়ারে প্রথমবারের মতো চার নম্বরে নেমেছেন নাসির হোসেন, যিনি প্রথম ইনিংসে আট নম্বরে ব্যাট করেছিলেন।

প্রথম ইনিংসে চার নম্বরে ব্যাট করেছিলেন মুমিনুল হক। লম্বা সময় কিপিংয়ের ব্যাপার না থাকলে চার নম্বরে বাংলাদেশের প্রথম পছন্দ মুশফিকুর রহিম। ঢাকা টেস্টের প্রথম ইনিংসে চার নম্বরে নেমেছিলেন সাব্বির রহমান।

চট্টগ্রামে আবারও ব্যর্থ তামিম ইকবাল। প্রথম ইনিংসে ৯ রানের পর এবার ফিরলেন ১২ রান করে। ন্যাথান লায়নের বল অনেকটা এগিয়ে গিয়ে ব্যাটে খেলতে পারেননি। স্টাম্পিংয়ের সহজ সুযোগ কাজে লাগান ম্যাথু ওয়েড।

তামিম ফেরার সময় বাংলাদেশের স্কোর ৩২/২। ইমরুল কায়েসের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন নাসির হোসেন।

শুরুতেই উইকেট হারিয়েছে বাংলাদেশ। প্যাট কামিন্সের বলে স্লিপে ম্যাট রেনশকে ক্যাচ দিয়ে ফিরেছেন সৌম্য সরকার। সুইং করে বেরিয়ে যাওয়া বল পা না বাড়িয়ে খেলার মাশুল দিয়েছেন বাঁহাতি উদ্বোধনী ব্যাটসম্যান। সহজ ক্যাচ গেছে ব্যাটের কানায় লেগে।

দুটি চারে ৯ রান করে সৌম্য ফেরার সময় বাংলাদেশের স্কোর ১১/১। তামিম ইকবালের সঙ্গে ক্রিজে যোগ দিয়েছেন ইমরুল কায়েস। বাংলাদেশ তখনও পিছিয়ে ৬১ রানে।

৭২ রানের লিড চতুর্থ দিন আর বাড়তে দেননি মুস্তাফিজুর রহমান। কোনো রান যোগ করার আগেই অস্ট্রেলিয়ার ইনিংস গুটিয়ে দিয়েছেন বাঁহাতি এই পেসার। ৮৪ রানে ৪ উইকেট নিয়ে তিনিই দলের সেরা বোলার।

৫৬ রানে অতিথিদের শেষ ৫ উইকেট তুলে নিয়ে লিডটা একশ রানের নিচে রেখেছে বাংলাদেশ। প্রথম ইনিংসে ৩০৫ রান করা স্বাগতিকরা স্টিভেন স্মিথের দলকে থামিয়েছে ৩৭৭ রানে।

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৯.৫ ওভারে ৩৭৭ (আগের দিন ৩৭৭/৯) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ৪/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

চতুর্থ দিন অস্ট্রেলিয়ার ইনিংস স্থায়ী হয়েছে মাত্র ১১ বল। সাকিব আল হাসান দিনের প্রথম ওভারটি মেডেন নেন। দ্বিতীয় ওভারের পঞ্চম বলে ন্যাথান লায়নকে ফিরিয়ে দেন মুস্তাফিজুর রহমান।

বাঁহাতি পেসারের বলে খোঁচা মেরে স্লিপে ইমরুল কায়েসের হাতে ধরা পড়েন লায়ন। তার বিদায়ে ৩৭৭ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। চতুর্থ দিন দলটি পারেনি কোনো রান যোগ করতে।

তৃতীয় দিন আড়াই ঘণ্টার বেশি সময়ের খেলা বৃষ্টিতে ভেসে যাওয়ায় বৃহস্পতিবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে খেলা শুরু হয়েছে নির্ধারিত সময়ের আধ ঘণ্টা আগে- সকালে সাড়ে নয়টায়। সকাল থেকেই পুরো আকাশ মেঘে ঢাকা। চতুর্থ দিন অন্তত ৯৮ ওভার খেলা হবে।

তৃতীয় দিন শেষে স্কোর :

বাংলাদেশ ১ম ইনিংস : ৩০৫

অস্ট্রেলিয়া ১ম ইনিংস : ১১৮ ওভারে ৩৭৭/৯ (আগের দিন ২২৫/২) (রেনশ ৪, ওয়ার্নার ১২৩, স্মিথ ৫৮, হ্যান্ডসকম ৮২, ম্যাক্সওয়েল ৩৮, কার্টরাইট ১৮, ওয়েড ৮, অ্যাগার ২২, কামিন্স ৪, ও’কিফ ৮*, লায়ন ০*; মিরাজ ৩/৯৩, মুস্তাফিজ ৩/৮৪, সাকিব ১/৮২, তাইজুল ১/৭৮, নাসির ০/১৪, মুমিনুল ০/৬, সাব্বির ০/৯)

সৌজন্যে : বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

About Mastary Sangbad

Mastary Admin

Check Also

29 6 25 2222

ভঙ্গুর অর্থনীতি, দুর্নীতি ও বৈশ্বিক সংকটের মধ্যেই বাজেট প্রণয়ন করেছি : প্রধানমন্ত্রী

সোমবার, ২৯ জুন ২০২৬, ১৫আষাঢ় ১৪৩৩ | মাসস প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, ‘জনগণকে সঙ্গে নিয়ে …

Leave a Reply

Your email address will not be published.