মাস্টারি বিডি ডটকম
ঢাকা । ১৪ জুন ২০১৭ । ৩১ জৈষ্ঠ্য ১৪২৪
ভয়াবহ পাহাড় ধসের পরদিনই রাঙামাটিতে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে গেলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করে সেখানে জরুরি সাহায্যের ঘোষণা দিয়েছেন তিনি।
আজ বুধবার সকালে হেলিকপ্টারে করে রাঙামাটি আসার পর মন্ত্রী মানিকছড়িসহ কয়েকটি এলাকা পরিদর্শন করে ত্রাণ দেন।
মন্ত্রী বলেন, সরকার ও আওয়ামী লীগ দুর্গত মানুষের পাশে রয়েছে। ক্ষতিগ্রস্তদের ৫০ লাখ টাকা, ৫০০ বান্ডেল টিন ও ১০০ মেট্রিক টন চাল জরুরি সহায়তা হিসেবে দেওয়া হবে। এই সময় আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির ত্রাণবিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দী, জেলা প্রশাসক মো. মানজারুল মান্নান তার সঙ্গে ছিলেন।
ওবায়দুল কাদের বলেন, এটা প্রাকৃতিক বিপর্য। এখানে কোনো মানুষের হাত নেই। প্রধানমন্ত্রীর নির্দেশে রাঙামাটি এসেছেন জানিয়ে তিনি বলেন, আমরা সবার পাশে আছি। আপাতত নিহতদের পরিবারকে ৩০ হাজার করে টাকা ও ৩০ কেজি করে চাল দেওয়া হবে। বিভিন্ন এলাকা পরিদর্শন শেষে মন্ত্রী জেলা প্রশাসন কার্যালয়ে মিটিং করে বেলা ১ টার দিকে রাঙামাটি ছেড়ে যান।
গত সোমবার দিবারাত থেকে টানা বর্ষণে চট্টগ্রাম বিভাগের বিভিন্ন জেলায় পাহাড় ধসে ব্যাপকসংখ্যক হতাহতের ঘটনা ঘটে। দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় সোমবার রাত থেকে বুধবার সকাল ১০ টা পর্যন্ত রাঙামাটি, চট্টগ্রাম ও বান্দরবানে পাহাড় ধসে ১৪৬ জনের লাশ উদ্ধারের তথ্য জানায়। এর বাইরে আজ বুধবার সকাল সাড়ে ৮ টার দিকে কক্সবাজারের টেকনাফে পাহাড় ধসে দুজনের মৃত্যুর খবর আসে। আর মঙ্গলবার খাগড়াছড়িতে দুজনের মৃত্যু হলেও খবর পাওয়া যায় আজ সকালে।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম