মাস্টারি বিডি ডটকম
সিলেট । ০৫ মার্চ ২০১৭ । ২১ ফাল্গুন ১৪২৩
সিলেটে ১০ দিনব্যাপী বেঙ্গল সাংস্কৃতিক উৎসবের শেষ হয়েছে শুক্রবার।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেনন সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন।

উৎসবের শেষ দিনে সৈয়দ মুজতবা আলী মঞ্চে সকাল সাড়ে ১০ টায় বেঙ্গল ইনস্টিটিউট ফর আর্কিটেকচার ল্যান্ডস্কেপস অ্যান্ড সেটলমেন্টসের উদ্যোগে ‘সিলেট হয়ে উঠুক আরো সিলেট’ শীর্ষক বিশেষ উপস্থাপনা ও আলোচনা অনুষ্ঠিত হয়। আলোচনায় অংশগ্রহণ করেন জাতিসংঘস্থ বাংলাদেশ মিশনের সাবেক স্থায়ী প্রতিনিধি ড. এ কে আব্দুল মোমেন, আবেদ চৌধুরী, জেরিনা হোসেন ও কাজী খালিদ আশরাফ।
ওইদিন বিকেল চারটায় ওই মঞ্চেই ‘ঘাসফুল’ চলচ্চিত্রটি প্রদর্শিত হয়। একই মঞ্চে সন্ধ্যা সোয়া ৭ টায় সুবচন নাট্যসংসদ পরিবেশন করে প্রয়াত বাউলসাধক শাহ আবদুল করিমের জীবন ও কর্ম নিয়ে রচিত মঞ্চনাটক ‘মহাজনের নাও’।

গীতবিতান বাংলাদেশের শিল্পীরা বিকেল চারটায় হাসন রাজা মঞ্চে ছোটদের গান ও আবৃত্তি পরিবেশন করবে। এরপর নজরুলসংগীত পরিবেশন করেন শিল্পী অনিন্দিতা চৌধুরী। এ পরিবেশনার পরপরই বেঙ্গল পরম্পরা সংগীতালয়ের শিল্পীরা দলীয় যন্ত্রসংগীত পরিবেশন করে।
সমাপনী অধিবেশনের পর রবীন্দ্রসংগীত পরিবেশন করেন বাংলাদেশের প্রখ্যাত শিল্পী রেজওয়ানা চৌধুরী বন্যা। সবশেষে লোকসংগীত পরিবেশন করেন দেশের জনপ্রিয় শিল্পী শফি মণ্ডল।

মূল অনুষ্ঠান হয় সৈয়দ মুজতবা আলী এবং হাসন রাজা মঞ্চে। এছাড়া প্রথম দিন থেকেই শাহ আবদুল করিম চত্বরে বাদ্যযন্ত্র ও সিলেট অঞ্চলের লোকগানের ইতিহাস নিয়ে প্রদর্শনী, গুরুসদয় দত্ত চত্বরে কারুমেলা ও বেঙ্গল প্যাভিলিয়ন এবং কুশিয়ারা কলোনেডে স্থাপত্য প্রদর্শনী হয়। রাধারমণ দত্ত বেদিতে চলে সুবীর চৌধুরী আর্ট ক্যাম্প।
বেঙ্গল ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজিত উৎসবটি উৎসর্গ করা হয় জ্ঞানতাপস আব্দুর রাজ্জাককে। ইনডেক্স গ্রুপ নিবেদিত এ উৎসবের সহযোগিতায় রয়েছে ঢাকা ব্যাংক। সম্প্রচার সহযোগী চ্যানেল আই।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম