২৯ নভেশ্বর ২০২৬ মাসস
আগামী ১ ডিসেম্বর বিএনপির বিজয় সমাবেশ সোহরাওয়ার্দী উদ্যানে হচ্ছে না। সমাবেশটি অনুষ্ঠিত হবে রাজধানীর নয়াপল্টনে দলটির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। রোববার (২৯ নভেম্বর) যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ তথ্য জানান বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী।
সংবাদ সম্মেলনে রিজভী বলেন, দেশে কোনো লকডাউন নেই। সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো অবৈধ সংগঠনের দেওয়া কর্মসূচি জনগণ পরোয়া করছে না।
দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা প্রতিহত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হওয়ার আহ্বান জানান তিনি।
রিজভী বলেন, পরাজিত শক্তি বিভিন্ন দিক থেকে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। প্রতিদিন কোথাও না কোথাও ককটেল বিস্ফোরণ ঘটানো হচ্ছে, পেট্রোল ছিটিয়ে বিভিন্ন স্থাপনায় আগুন দেওয়া হচ্ছে। নানা ধরনের সন্ত্রাসী কর্মকাণ্ডের মাধ্যমে মানুষ হত্যা করা হচ্ছে। সরকার শান্তিপূর্ণভাবে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও সক্রিয় হতে হবে।
তিনি বলেন, দুষ্কৃতকারীরা কীভাবে বিভিন্ন এলাকায় অস্ত্র ব্যবহার করে নিরীহ মানুষের ওপর হামলা চালাচ্ছে, অগ্নিসন্ত্রাসসহ নানা অপরাধ করছে, তা খতিয়ে দেখতে হবে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে এসব অপরাধ দমনে সর্বোচ্চ তৎপর থাকতে হবে। অন্যথায় দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে।
রিজভী আরও বলেন, দেশের জনগণ পাড়া-মহল্লায় এসব সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলছে। বিএনপির নেতাকর্মীরাও সন্ত্রাসের বিরুদ্ধে দৃঢ় অবস্থানে রয়েছেন। তবে বেআইনি অস্ত্র নিয়ে যারা তাণ্ডব চালাচ্ছে, তাদের আইনের আওতায় আনার দায়িত্ব সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।
তিনি বলেন, সাধারণ মানুষ যেন নিরাপত্তা বোধ করে, সে দায়িত্ব পালনে সরকারকে আরও কার্যকর ভূমিকা রাখতে হবে। এ ক্ষেত্রে সরকারকে সহযোগিতা করতে বিএনপি ও এর অঙ্গসংগঠনগুলো প্রস্তুত রয়েছে।
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের লকডাউন কর্মসূচি নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে রিজভী বলেন, দেশে সবকিছু স্বাভাবিকভাবে চলছে। কোনো লকডাউন নেই। কোনো বেআইনি সংগঠন কী বলল, তা নিয়ে প্রশ্ন করাটাও দুঃখজনক। এ ধরনের কর্মসূচিকে বিএনপি কোনো চাপ হিসেবে মনে করছে না।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম