রাজধানীর মিরপুরে পুলিশ-শিক্ষার্থী সংঘর্ষে মিরাজ হোসেন (২২) নামের এক বাস চালকের মৃত্যু হয়েছে।
মুন্সীগঞ্জ শহরের থানারপুল চত্বরে আন্দোলনকারী ও আওয়ামী লীগ কর্মীদের মধ্যে রবিবার সকাল ১০টার দিকে সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। নিহতরা হলেন- রিয়াজুল ইসলাম (৩৫) ও মেহেদি হাসান (৩২)। এ সময় গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত ৫০ জন।
সিরাজেগঞ্জে দফায় দফায় সংঘর্ষে সিরাজগঞ্জে এখন পর্যন্ত ৭ জন নিহতের ঘটনা ঘটেছে। নিহতরা হলেন, জেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক রঞ্জু খান (৩৯), যুবদল কর্মী আব্দুল লতিফ (২৫) ও ছাত্রদল কর্মী সুমন শেখ (২৫)। রায়গঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক এবং চান্দাইকোনা ইউনিয়ন পরিষদের সদস্য (মেম্বার) জাহাঙ্গীর আলম (৩৮), রায়গঞ্জ উপজেলা সেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক আল আমিন (৩৯), রায়গঞ্জের বর্মগাছা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান গোলাম সরোয়ার রিপন (৪০) এবং দৈনিক খবরপত্র পত্রিকার উপজেলা প্রতিনিধি প্রদীপ কুমার ভৌমিক (৫০)। রায়গঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার ও পরিকল্পন কর্মকর্তা (পিপি) আমিনুল ইসলাম তৌহিদ এ তথ্য নিশ্চিত করেছেন।
নরসিংদীর মাধবদীতে সংঘর্ষে এক ইউপি চেয়ারম্যানসহ ছয়জন নিহত হয়েছেন। নিহতরা সবাই আওয়ামী লীগের নেতা-কর্মী বা সমর্থক বলে দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে। তাদেরকে পিটিয়ে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন নেতাকর্মীরা।রবিবার (৪ আগস্ট) দুপুর ১টার দিকে মাধবদী বাজার মসজিদে সামনে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) শহীদুল ইসলাম সোহাগ।নিহতরা হলেন- সদর উপজেলার চরদিঘলদী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও মাধবদী থানা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন শাহীন (৩৭), সদর থানা সেচ্ছাসেবক লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও জেলা পরিষদের সাবেক সদস্য মনিরুজ্জামান ভূইয়া (৪৮), সদর উপজেলা চেয়ারম্যান আনোয়ার হোসেনের ছোটভাই ছোট গদাইচর এলাকার আবু সায়ীদের ছেলে দেলোয়ার হোসেন দেলু (৪৮), মাধবদীর আলগী এলাকার আওয়ামী লীগের সমর্থক শাহাজাহান মিয়ার ছেলে কামাল মিয়া (৪৫), মাধবদী শ্রমিকলীগ নেতা আনিসুর রহমান সোহেল (৪৩)। অজ্ঞাত একজনের পরিচয় পাওয়া যায়নি।রংপুর
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ঘোষিত সরকার পতনের এক দফা দাবি আদায়ে রংপুরের রাজপথে মানুষের ঢল নামে। সর্বাত্মক অসহযোগের প্রথম দিনে সিটি বাজারে সামনে আন্দোলনকারীদের সঙ্গে সরকারদলীয় নেতাকর্মীদের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন অন্তত ২০ জন।
পাবনা
পাবনায় কোটা সংস্কার আন্দোলনে নিহতদের বিচার ও সরকারের পদত্যাগ দাবিতে শিক্ষার্থীদের অবস্থান কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনা ঘটেছে। এতে দুইজন নিহত হয়েছেন। আহত হয়েছেন অনেকেই। তাদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। রবিবার বেলা ১টার দিকে পাবনা শহরের ট্রাফিক মোড়ে এ ঘটনা ঘটে। ২৫০ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে সহকারী পরিচালক ডা. রফিকুল হাসান নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- নিহতরা হলেন- জেলার হাজীরহাট এলাকার আবুল কালামের ছেলে আরাফাত হোসেন মাহবুবুল (১৬), বলরামপুর গ্রামের জাহিদুল ইসলাম (১৯) ও এডওয়ার্ড কলেজের শিক্ষার্থী ফাহিম হোসেন (১৭)।
কুমিল্লা
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থী ও ছাত্রলীগের নেতাকর্মীদের সঙ্গে সংঘর্ষে দেবিদ্বারে একজন নিহত হয়েছেন। রবিবার দুপুর দেড়টার দিকে দেবিদ্বার পৌর এলাকার বানিয়াপাড়ায় এ ঘটনা ঘটে। নিহত ওই ব্যক্তির নাম আবদুল্লা রুবেল (৩৩)। তিনি পেশায় গাড়িচালক। তিনি বারেরা এলাকার ইউনুছ মিয়ার ছেলে। ইলিয়টগঞ্জ হাইওয়ে থানায় ঢুকে এক পুলিশ কনস্টেবলকে পিটিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহত কনস্টেবলের নাম মো. এরশাদ আলী। এ ছাড়া কোটবাড়িতে এক যুবককে কুপিয়ে ও পিটিয়ে আহত করা হয়। আশঙ্কাজনক অবস্থায় ওই যুবককে রবিবার (৪ আগস্ট) বিকেলে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে আনা হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বগুড়া
বগুড়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সংঘর্ষে দুজন নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছেন।
বরিশাল
বরিশালে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে টুটুল চৌধুরী (৬২) নামে এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন। রবিবার দুপুরের দিকে নগরীর সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের পাশে আন্দোলনকারীদের সঙ্গে সংঘর্ষে প্রাণ হারান তিনি। নিহত টুটুল চৌধুরী বরিশাল সিটি করপোরেশনের ১২ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাবেক সভাপতি ছিলেন। মহানগর আওয়ামী লীগের সভাপতি এ কে এম জাহাঙ্গীর এ তথ্য নিশ্চিত করেন।
ফেনী
ফেনীতে আন্দোলনকারীদের সঙ্গে ছাত্রলীগ-যুবলীগসহ আওয়ামী লীগের নেতা-কর্মীদের সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে সাংবাদিকসহ কমপক্ষে ২৫ জন আহত হয়েছে।
নিহতরা হলেন ফেনী সরকারি কলেজের ছাত্র ইশতিয়াক আহমেদ শ্রাবণ ও ফেনী সদরের দক্ষিণ কাশিমপুরের সিরাজুল ইসলামের ছেলে শিহাব। তারা দুজন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কর্মী।
ভোলা
ভোলায় সংঘর্ষ চলাকালে মাথায় গুলি লেগে মো. জসিম উদ্দিন (৪০) নামের এক ব্যবসায়ী নিহত হয়েছেন। রবিবার (৪ আগস্ট) দুপুর পৌনে ২টার দিকে খলিফাপট্টি মসজিদের সামনে থেকে নিহতের স্বজনরা তার লাশ উদ্ধার করেন। বিষয়টি নিশ্চিত করেন নিহতের ছোট ভাই মো. সবুজ। নিহত জসিম ভোলা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পৌর নবীপুর এলাকার আবু তাহেরের ছেলে।
সিলেট
সিলেটের গোলাপগঞ্জ উপজেলায় আন্দোলনকারীদের সঙ্গে পুলিশ ও বিজিবির সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- উপজেলার বারকুট গ্রামের মো. মকবুল আলীর ছেলে ব্যবসায়ী তাজ উদ্দিন (৪৩) ও উপজেলার শিলঘাটের বাসিন্দা সানি আহমদ (১৮)।
মাগুরা
মাগুরা সদর ও মহম্মদপুর উপজেলায় বিক্ষোভকারীদের সঙ্গে সংঘর্ষে ছাত্রদল নেতাসহ চারজন নিহত হয়েছেন। নিহতরা হলেন- জেলা ছাত্রদলের যুগ্ম সম্পাদক মেহেদী হাসান রাব্বী (২৫), মহম্মদপুরের বালিদিয়া গ্রামের যুবক সুমন শেখ (২৬), শ্রীপুরের রায়নগর গ্রামের গোলাম মোস্তফার ছেলে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ছাত্র যুবদলকর্মী ফরহাদ (২২) ও আহাদ।
হবিগঞ্জ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সংঘর্ষে হবিগঞ্জ শহরে একজন নিহত হয়েছেন। নিহত রিপন শীল (২৭) হবিগঞ্জ শহরের অনন্তপুর এলাকার রতনশীলের ছেলে। হবিগঞ্জ ২৫০ শয্যা আধুনিক জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. মুমিন উদ্দিন নিহতের তথ্য নিশ্চিত করেন।
কিশোরগঞ্জ
সরকারের পদত্যাগের একদফা দাবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ডাকা অসহযোগ আন্দোলন ঘিরে কিশোরগঞ্জে চারজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন দুই শতাধিক।
জয়পুরহাট
সরকার পতনের এক দফা দাবিতে রণক্ষেত্রে পরিণত হয়েছে জয়পুরহাট শহর। এসময় সংঘর্ষে নিহত হয়েছেন মেহেদী হাসান নামের এক শিক্ষার্থী। এ ঘটনায় জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য এ্যাড. সামসুল আলম দুদুসহ আওয়ামী লীগের নেতাকর্মী, আন্দোলনকারী ও সাংবাদিকসহ ৬৭ জন আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শেরপুর
কোটাবিরোধীদের একদফা দাবির অসহযোগ আন্দোলনে শেরপুরে পুলিশের গাড়িচাপায় আন্দোলনকারী তিনজন নিহত হয়েছেন। আজ রবিবার বিকেল ৫টার দিকে শহরের কলেজ মোড় এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- মাহবুবুল ইসলাম (২৪)। তিনি সদর উপজেলার চৈতনখিলা বটতলা এলাকার মিরাজ আলীর পুত্র। অপর দুজনের নাম পরিচয় এখনো পাওয়া যায়নি। বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর জেলা সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা. হুমায়ূন আহমেদ নূর। এ ঘটনায় শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন।
কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম