মাস্টারি সংবাদ | শান্তা ইসলাম
১৭ এপ্রিল ২০২৪ | ৪ঠা বৈশাখ ১৪৩১
সারা দেশের বিভিন্ন স্থানে তাপমাত্রা বাড়ার কারনে রেললাইন বেঁকে গিয়ে ঘটতে পারে দুর্ঘটনা। আর সম্ভাব্য এই দুর্ঘটনা রোধে পূর্বাঞ্চল রেলপথে সব ধরনের ট্রেন গতি কমিয়ে চালাতে নির্দেশ দিয়েছে বাংলাদেশ রেলওয়ে।
মঙ্গলবার বিকেলে রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি জানিয়েছেন। এ ছাড়া রেলের বিভিন্ন সেকশনের লোকোমাস্টাররাও বিষয়টি নিশ্চিত করেছেন।
লোকোমাস্টাররা জানিয়েছেন, রেলওয়ের কন্ট্রোলরুম থেকে তাঁদের গতি কমিয়ে ট্রেন চালানোর নির্দেশ দেওয়া হয়েছে। তাঁরা জানিয়েছেন, তাপমাত্রার কারণে লাইন বেঁকে যায় এবং এর ফলে দুর্ঘটনার আশঙ্কা থাকে। সেই দুর্ঘটনা এড়াতেই এমন নির্দেশনা।
লোকোমাস্টাররাও আরো জানান, মূলত সকাল ১১টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এই নির্দেশনা বহাল থাকে। তার পরও তাপমাত্রার ওপর নির্ভর করে এই সময় কমবেশি হতে পারে। তাপমাত্রা যখন থেকেই প্রতিকূল অবস্থায় থাকে, তখনই এই নির্দেশনা কার্যকর হয়।
রেলওয়ের পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বলেন, ‘ স্থান, কাল, পাত্রের ওপর নির্ভর করে এই নির্দেশনা কার্যকর হবে। অর্থাৎ কোনো একটি নির্দিষ্ট সেকশনের পরিবেশ, ট্র্যাকের কন্ডিশনসহ সব কিছু বিবেচনা করে এটি কার্যকর হয়। আমাদের কর্মকর্তারা দেখেন, ট্র্যাকের টেম্পারেচার কেমন, পরিবেশ কেমন, তারপর নির্দেশনা দেন।’
রেলের এই কর্মকর্তা আরো বলেন, ‘এটা ৩০ ডিগ্রি বা ৪০ ডিগ্রির কোনো বিষয় না।
কারণ যেখানে নতুন ট্র্যাক রয়েছে, সেখানে ৬০ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নিতে পারে। আবার পুরনো ট্র্যাকগুলো অত বেশি তাপমাত্রা নিতে পারে না। অর্থাৎ স্থানীয় কন্ডিশনের ওপর ভিত্তি করে এই নির্দেশনা দেওয়া হয়।’
সূত্র : কালের কণ্ঠ
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম