মাস্টারি বিডি ডটকম
ঢাকা। ১৬ ডিসেম্বর ২০১৬ । ০২ পৌষ ১৪২৩
মহান বিজয় দিবসের দিন আজ শুক্রবার বিকেল পৌনে ৩ টায় স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল হাতিরঝিলে ‘ওয়াটার ট্যাক্সি’ উদ্বোধন করেছেন।
রাজধানীবাসীর যাতায়াত ব্যবস্থায় নতুনত্ব আনতে হাতিরঝিলে চালু হলো এ ‘ওয়াটার ট্যাক্সি’। এসব ট্যাক্সি গণপরিবহন হিসেবে সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে।
উদ্বোধনকালে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, হাতিরঝিলের নিরাপত্তা নিশ্চিতকরণে একটি থানার অনুমোদন দেওয়া হয়েছে। দ্রুতই এর উদ্বোধন করা হবে।
এ সময় উপস্থিত ছিলেন- হাতিরঝিল প্রকল্পের মেজর কাজী শাকিল, রাজউক চিফ ইঞ্জিনয়ার রায়হানুল ফেরদৌস প্রমুখ।

হাতিরঝিল সমন্বিত উন্নয়ন প্রকল্পের অধীনে এ ট্যাক্সিগুলো এফডিসি (বিএফডিসি) মোড় থেকে বাড্ডা লিংক রোড ও রামপুরা ব্রিজের মধ্যে যাতায়াত করবে। পরবর্তী সময়ে এ সুবিধা গুলশান ও বারিধারায়ও সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে বলে জানা গেছে।
চট্টগ্রামের কর্ণফুলী নদীতে পরীক্ষামূলকভাবে চালানোর পর চারটি ওয়াটার ট্যাক্সি হাতিরঝিলে আনা হয়েছে। প্রত্যেকটি ট্যাক্সিতে ২০টি করে আসন থাকলেও যাতায়াত করতে পারবেন ৩০ জন করে। ভাড়া পড়বে এফডিসি থেকে রামপুরা ২৫ টাকা এবং এফডিসি থেকে গুলশান ৩০ টাকা। ট্যাক্সির ভেতরে ছোট ক্যান্টিন থাকবে। সেখানে হালকা খাবার পাবেন যাত্রীরা।
জানা যায়, রাতদিন সকাল ৬ টা থেকে রাত ১০টা পর্যন্ত এই ট্যাক্সি চলবে।
এদিকে, যাত্রী ওঠা-নামার জন্য এরই মধ্যে হাতিরঝিলে একাধিক ঘাটও নির্মাণ করা হয়েছে। এই বাহন হাতিরঝিলকে ঘিরে থাকা রামপুরা, মগবাজার, সাতরাস্তা, মহাখালী, গুলশান ও বাড্ডা এলাকায় চলাচল যেমন সহজ করবে, তেমনি নির্মল বিনোদনের খোরাকও হয়ে উঠবে নগরবাসীর।
হাতিরঝিল প্রকল্প পরিচালক মেজর জেনারেল আবু সাঈদ মো. মাসুদ সাংবাদিকদের জানান, প্রতিটি ট্যাক্সি তৈরিতে প্রায় ৮৫ লাখ টাকা খরচ হয়েছে। অধিক ব্যয়ে নির্মিত এ ওয়াটার ট্যাক্সির তেল পানিতে ভাসবে না। ফলে পানি দূষণ রোধের পাশাপাশি পরিবেশবান্ধব সেবাও নিশ্চিত হবে।-সংগৃহীত
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম