মাস্টারি বিডি | শাহানা তৃণা
বিনোদন | ঢাকা | ১৭ জুলাই ২০১৯ | ০২ শ্রাবণ ১৪২৬
মুক্তিযুদ্ধে বাংলাদেশ পুলিশ বাহিনীর অবদানকে উপজীব্য করে নির্মিত হচ্ছে ‘অর্জন-৭১’ নামের চলচ্চিত্র। এতে চু্ক্তিবদ্ধ হয়েছেন সময়ের আলোচিত নায়িকা মৌসুমী। আর মৌসুমীর বিপরীতে অভিনয় করবেন শতাব্দী ওয়াদুদ। এ ছবির নির্মাতা মির্জা সাখাওয়াত হোসেন।
‘অর্জন-৭১’ চলচ্চিত্রের গল্পটি এরকম, মুক্তিযুদ্ধে পুলিশ অফিসার আবদুল কাদের মিয়ার বিশাল অবদান ছিল। সেই সময় তিনি পঞ্চগড়ের দেবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা ছিলেন। ওই বছরই ১ জুন তাকে গুলি করে নির্মমভাবে হত্যা করা হয়।

ছবিতে মুক্তিযোদ্ধা আবদুল কাদের মিয়ার চরিত্রে অভিনয় করবেন অভিনেতা শতাব্দী ওয়াদুদ। আর তার স্ত্রীর চরিত্রে দেখা যাবে অভিনেত্রী মৌসুমীকে। এফডিসি, রাজারবাগ পুলিশলাইনসহ উত্তরবঙ্গের বিভিন্ন স্থানে ছবিটির শুটিং করা হবে বলে জানিয়েছেন নির্মাতা। নির্মাণের পাশাপাশি ছবির চিত্রনাট্য, সংলাপ লিখেছেন মির্জা সাখাওয়াত হোসেন নিজেই।
মৌসুমী জানান, মঙ্গলবার সন্ধ্যায় ছবিতে অভিনয়ের জন্য তিনি চুক্তিবদ্ধ হয়েছেন। এতে তিনি অভিনয় করবেন ফিরোজা চরিত্রে।
প্রসঙ্গত, এর আগে বেশ কয়েকটি যুদ্ধের ছবিতে অভিনয় করে বেশ সুনাম কুড়িয়েছেন অভিনেত্রী মৌসুমী।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম