মাস্টারি বিডি | শিমুল আহসান
জাতীয় ডেস্ক | ঢাকা | ২৩ জুন ২০১৯ | ০৯ আষাঢ় ১৪২৬
আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা
বাংলাদেশ আওয়ামী লীগের গৌরবোজ্জ্বল ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ধানমন্ডির ৩২ নম্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
আজ রোববার সকাল ৮ টায় দলের নেতাকর্মীদের নিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এর আগে সূর্য উদয় ক্ষণে কেন্দ্রীয় কার্যালয় ও দেশব্যাপী দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। এ ছাড়া বেলা ১১ টায় টুঙ্গীপাড়ায় জাতির পিতার সমাধিতে দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের প্রতিনিধিরা শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন।
এছাড়া সোমবার বিকাল ৪ টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
এবার জমকালো আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালনে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করেছে আওয়ামী লীগ। এ উপলক্ষে রবিবার থেকে শুরু হয়ে মাসব্যাপী কর্মসূচি চলবে। রাজধানী ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে আলোকসজ্জা করা হয়েছে। সভা-সমাবেশ, সেমিনার ও শোভাযাত্রা, প্রচার ও পুস্তিকা প্রকাশ, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতাসহ থাকছে ব্যতিক্রমী আরো কিছু আয়োজন।
প্রধানমন্ত্রী রোববার বাংলাদেশ আওয়ামী লীগের ৭০তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবারে দেয়া এক বাণীতে বলেন, বাঙালি জাতির প্রতিটি মহৎ, শুভ ও কল্যাণকর অর্জনে আওয়ামী লীগের ভূমিকা রয়েছে। জনগণই আওয়ামী লীগের শক্তি। ভবিষ্যতেও আওয়ামী লীগ জনগণকে সঙ্গে নিয়ে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা-দারিদ্র্যমুক্ত, সুখী-সমৃদ্ধ, উন্নত ও আধুনিক সোনার বাংলাদেশ প্রতিষ্ঠা করবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
‘আমরা মুক্তিযুদ্ধে বিজয়ী জাতি। সাম্প্রদায়িক সম্প্রীতি আমাদের ঐতিহ্য। কোনো অশুভ শক্তি এ দেশে বিস্তার লাভ করতে পারবে না’ উল্লেখ করে তিনি আরো বলেন, ‘দেশে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আমরা সফল হয়েছি। সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদকের স্থান বাংলাদেশে হবে না। আওয়ামী লীগ সরকার উন্নয়ন, গণতন্ত্র ও দেশবিরোধী অপশক্তির মূলোৎপাটন করতে দৃঢ়প্রতিজ্ঞ।
প্রধানমন্ত্রী বলেন, “আমি বিশ্বাস করি, এ দেশের শান্তিপ্রিয় জনগণ উন্নয়ন ও অগ্রগতির পথে এগিয়ে গিয়ে বাংলাদেশকে মুক্তিযুদ্ধের চেতনায় প্রতিষ্ঠিত করবে।”
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সংগঠনের অগণিত নেতা-কর্মী, সমর্থক ও শুভানুধ্যায়ীসহ দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে তিনি শ্রদ্ধার সাথে স্মরণ করেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। এরপর তিনি আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও সাধারণ সম্পাদক সামসুল হকসহ অন্য নেতৃবৃন্দকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। তিনি একই সাথে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেন হোসেন শহীদ সোহরাওয়ার্দীকে এবং জাতীয় চার নেতাসহ স্বাধিকার আন্দোলন, স্বাধীনতা সংগ্রাম ও গণতন্ত্রের সংগ্রামে শহীদ আওয়ামী লীগ নেতা-কর্মীদের, যাঁদের আত্মত্যাগের বিনিময়ে আওয়ামী লীগ গণমানুষের এক সুবৃহৎ সংগঠনে পরিণত হয়েছে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম