
মাস্টারি বিডি
ফিচার ডেস্ক । ১৮ নভেম্বর ২০১৮ । ০৪ অগ্রহায়ণ ১৪২৫
চলছে লেপ-তোষক তৈরির ধুম…
দিনে কিছুটা গরম থাকলেও রাতে বেশ ঠান্ডা পড়ায় দেশের বিভিন্ন স্থানের মতো জয়পুরহাটের লেপ তোষক বানানোর কারিগররা এখন ব্যস্ত সময় পার করছেন লেপ-তোষক, বালিস, কোল বালিস ও জাজিম তৈরিতে।

শীতের আগমনি বার্তায় প্রতিটি পরিবারে শীত মোকাবেলায় লেপ তোষকের চাহিদা বেড়ে যায়।
উত্তরাঞ্চলের ছোট জেলা জয়পুরহাট। শীত মৌসুমে এ অঞ্চলে তুলনামূলক শীতের প্রভাব বেশি থাকে। শীত মোকাবেলায় আগাম প্রস্তুতি হিসেবে লেপ তোষক বানানোর কাজ শুরু হয় সেপ্টেম্বর-অক্টোবর থেকেই। জাজিম, লেপ ও তোষক তৈরির মজুরী হিসাবে কারিগরদের ভাগ্যে জোটে ছোট-বড় অনুযায়ী প্রতিটি জাজিম ৪শ, লেপ বা তোষক হচ্ছে দেড়শ থেকে ২শ ৫০ টাকা করে।

লেপ তোষক বানানোর কারিগররা জানান, শীত মৌসুমে অতিরিক্ত আয়ের আশায় বুক বাঁধলেও সে আশা পূরণ হয় না। একেক জন প্রতিদিন গড়ে ৩/৪টি লেপ বা তোষক তৈরি করে থাকেন। যা আয় হয় তা থেকে সংসারের খরচ এবং ছেলে-মেয়েদের লেখাপড়ার খরচ চালাতে হিমশিম খেতে হয়।

তবে শীত ধীরে পড়ার কারণে লেপ-তোষক সেভাবে কেনা বেচা শুরু হয়নি বলে মন্তব্য করেন কারিগররা।
-শাহাদুল ইসলাম সাজু
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম