মাস্টারি বিডি ডটকম
টাঙ্গাইল । ২৫ নভেম্বর ২০১৬ । ১১ অগ্রহায়ণ ১৪২৩
পা দিয়ে লিখে প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষা দিচ্ছে চাঁন মিয়া নামের এক শারীরিক প্রতিবন্ধী। সে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলা পৌরসভার ২নং ওয়ার্ডের ফজলুল হকের ছেলে। শারীরিক প্রতিবন্ধী চাঁন মিয়া ঘাটাইলের চান্দশী বিদ্যালয়ের শিক্ষার্থী। সে ঘাটাইল উপজেলা সদরের ঘাটাইল সরকারী আদর্শ প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরীক্ষা দিচ্ছে।
বেঞ্চের উপরে পা দিয়ে পরীক্ষায় লিখতে শারীরিক প্রতিবন্ধী চাঁন মিয়ার কোন সমস্যা হচ্ছে না। তাকে দেখার জন্য অনেকেই সেখানে ভিড় করেন।
চাঁন মিয়ার মা রত্না বেগম বলেন, আমার ছেলের জন্য এই পৃথিবীতে কিছু একটা করে যেতে চাই। আমি আমার ছেলেকে কোন দিন প্রতিবন্ধী হিসেবে দেখিনি। ছেলেকে শিক্ষিত মানুষ হিসেবে গড়ে তুলতে আমার চেয়ে তার বাবার উৎসাহ অনেক বেশি। বিদেশ থেকে সে প্রতিনিয়ত ফোন করে ছেলের খোঁজ নেয়। জন্ম থেকেই তার দু’টি হাত বিকল। তাই সে পা দিয়ে লেখাপড়া ও পরীক্ষা দিচ্ছে। শারীরিক প্রতিবন্ধী হয়ে জন্ম নিলেও সন্তানের প্রতি যত্নের কোন কমতি ছিলো না আমার।
ঘাটাইল চান্দশী প্রতিবন্ধী বিদ্যালয়ের প্রধান শিক্ষক ভজন চন্দ্র নাথ জানান, এ বছর আমাদের স্কুল থেকে ৪জন শিক্ষার্থী প্রাইমারি স্কুল সার্টিফিকেট (পিএসসি) পরীক্ষা দিচ্ছে। এর মধ্যে চাঁন মিয়াও রয়েছে। সে পা দিয়ে পরীক্ষা দিচ্ছে। অন্য ৩ জনের চেয়ে চাঁন মিয়া নিয়মিত স্কুলে আসতো এবং সে অনেক মেধাবী ছাত্র।
ঘাটাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবুল কাশেম মোহাম্মদ শাহীন বলেন, আমি ওই স্কুল পরিদর্শনে গিয়ে চাঁন মিয়াকে দেখেছি। তার পরীক্ষা নির্বিঘœ করতে পরীক্ষা কেন্দ্রের সংশ্লিষ্টদের নিদের্শনা দেয়া হয়েছে।-বাসস
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম