
মাস্টারি বিডি । শান্তা ইসলাম
বিনোদন । ১৭ সেপ্টেম্বর ২০১৮ । ০২ আশ্বিন ১৪২৫
ঢালিউডের নতুন মুখ অধরা খানের ‘মাতাল’ ছবিটি মুক্তির মিছিলে রয়েছে। পোস্টার, টিজারের পর গত শুক্রবার বিকালে লাইভ টেকনোলজিসের ইউটিউব চ্যানেলে এ ছবির প্রথম গান প্রকাশ হয়েছে। আহমেদ ইমতিয়াজ বুলবুলের লেখা ও সংগীতে ‘হৃদয়ে পিঞ্জর’ শিরোনামের গানে কণ্ঠ দিয়েছেন হৈমন্তী। আর ‘মাতাল’ ছবিটি পরিচালনা করেছেন শাহীন সুমন। এ ছবিতে অধরার বিপরীতে সাইমন সাদিক অভিনয় করেছেন।

এদিকে এ ছবির পর রোববার অধরার ‘নায়ক’ নামে আরেকটি ছবির গান প্রকাশ হয়েছে। ইস্পাহানি আরিফ জাহান পরিচালিত এ ছবির গান নিয়ে অধরা খান বলেন, ‘মাতাল’-এর পর ‘নায়ক’ ছবির ‘এলোমেলো’ শিরোনামের গানটি গতকাল এসআইএস মিডিয়ার ইউটিউব চ্যানেলে প্রকাশ হয়েছে।

মিজানুর রহমান লাবুর লেখা এ গানটিতে কণ্ঠ দিয়েছেন ইমরান ও কনা। গানটির সুর ও সংগীতায়োজন করেছেন আহমেদ হুমায়ূন। এটি পুরোপুরি রোমান্টিক একটি গান। দুটি গানই দর্শকরা পছন্দ করছে। বেশ ভালো সাড়া পাচ্ছি আমি।

‘নায়ক’ ছবিতে প্রথমবার চিত্রনায়ক বাপ্পি চৌধুরীর বিপরীতে দর্শকরা অধরা খানকে দেখতে পাবেন। জাদুকাঠি মিডিয়া প্রযোজিত এ ছবিতে মৌসুমী, অমিত হাসানসহ আরো অনেকে অভিনয় করেছেন। এ ছবিটিও চলতি বছর মুক্তি পাবে।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম