মাস্টারি বিডি ডটকম
গাজীপুর । ১৪ নভেম্বর ২০১৬ । ৩০ কার্তিক ১৪২৩
জনপ্রিয় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।
নানা কর্মসূচির মধ্যদিয়ে রোববার নেত্রকোনার মোহনগঞ্জে ও কেন্দুয়ায় এবং গাজীপুরের পিরুজালী গ্রামের নুহাশ পল্লীতে নন্দিত কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।
রোববার সকালে হুমায়ূন আহমেদের ছেলে নিষিদ ও নিনিত এবং স্ত্রী মেহের আফরোজ শাওন আনুষ্ঠানিকভাবে তার সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। পরে মোনাজাত শেষে নুহাশ পল্লীতে স্থাপিত হুমায়ূন ম্যুরালের সামনে আপেল তলায় কেক কাটেন তার দুই ছেলে নিষিদ ও নিনিত। এ সময় শতাধিক ভক্ত, গণমাধ্যমকর্মী ও এলাকার লোকজন উপস্থিত ছিলেন।
এদিকে হুমায়ুন আহমেদের ভাই ড. জাফর ইকবাল ও আহসান হাবীবসহ পরিবারের অন্য সদস্যরা সকালে কবর জিয়ারত করেন।
এ সময় ড. জাফর ইকবাল সাংবাদিকদের বলেন, হুমায়ূন আহমেদের সৃষ্টিগুলো এখন দেশের বাইরেও ভিন্ন ভাষায় প্রচার হচ্ছে। এটা ভালো যে মানুষ তাকে আরও ভালোভাবে এবং বেশি জানতে পারছে।
হুমায়ূন স্ত্রী মেহের আফরোজ শাওন বলেন, হুমায়ূন আহমেদকে প্রকৃতভাবে জানতে হলে তার একটা, দুইটা বই পড়লে হবে না। তার সব বই পড়তে হবে। কারণ তার দর্শনের সংমিশ্রণগুলো একটি বইতে পাওয়া যাবে না।
লেখক হুমায়ূন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে জন্মগ্রহণ করেন। ক্যান্সার আক্রান্ত হয়ে ২০১২ সালের ১৯ জুলাই ৬৪ বছর বয়সে আমেরিকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। পরে ২৪ জুলাই গাজীপুরের হোতাপাড়া এলাকায় নুহাশ পল্লীর লিচুগাছ তলায় হুমায়ূন আহমেদকে দাফন করা হয়।
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত :
বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে রোববার নেত্রকোনার মোহনগঞ্জে ও কেন্দুয়ায় কথাসাহিত্যিক হুমায়ূন আহমেদের ৬৮তম জন্মদিন উদযাপিত হয়েছে।
মোহনগঞ্জে নানার বাড়িতে হুমায়ূন আহমেদের জন্মদিন উদযাপিত হয়েছে।
এ উপলক্ষ্যে মোহনগঞ্জ শহীদ আলী উছমান শিশুপার্ক থেকে বেলা ১২ টার দিকে প্রশাসন ও বিভিন্ন সামাজিক সংগঠনের ব্যানারে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে প্রশাসনের কর্মকর্তা ও বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কোমলমতি শিশুরা অংশগ্রহণ করে।
পরে ইউএনও মোজাম্মেল হকসহ বিভিন্ন সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ র্যালি শেষে জন্মভিটা নানারবাড়ি দৌলতপুর শেখ বাড়িতে হূমায়ুন আহমেদের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এরপর ভাটি বাংলার ঐতিহ্যবাহী পিঠা, নাড়ু, বাতাসা খাইয়ে তার জন্মদিন উদযাপন করা হয়।
অন্যদিকে লেখকের পৈত্রিক বাড়ি জেলার কেন্দুয়া উপজেলার কুতুবপুরেও বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে রোববার তার জন্মদিন উদযাপন করা হয়।
জননন্দিত কথাসাহিত্যিক হূমায়ুন আহমেদ ১৯৪৮ সালের ১৩ নভেম্বর নেত্রকোনা জেলার মোহনগঞ্জ পৌর শহরের নানার বাড়িতে জন্মগ্রহণ করেন।
তবে এ ব্যাপারে দ্বিমত আছে। অনেকে বলে থাকেন, তিনি নেত্রকোনার কেন্দুয়া উপজেলার কুতুবপুর গ্রামে পৈত্রিক ভিটায় জন্মগ্রহণ করেছেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম