মাস্টারি বিডি ডটকম ।
ঢাকা । ২৪ এপ্রিল ২০১৮ । ১১ বৈশাখ ১৪২৪
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপন উপলক্ষে গঠিত কমিটির এক সভায় স্বল্প, মধ্যম ও দীর্ঘমেয়াদী পরিকল্পনার আওতায় বিভিন্ন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। রোববার এ সভা অনুষ্ঠিত হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
এতে বলা হয়, এ সভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন বিষয়ে প্রস্তাবনা আহ্বান করা হচ্ছে। খবর বাসস-এর।
আগামী ২০ মে ২০১৮ তারিখের মধ্যে প্রস্তাবনাসমূহ লিখিত আকারে কমিটির আহ্বায়ক প্রো-উপাচার্য (শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের অফিসে অথবা ৮৮০-২-৯৬৬৭২২২ নম্বরে ফ্যাক্স এবং provc.acad@du.ac.bd ঠিকানায় ই-মেইলে প্রেরণ করা যাবে।
উল্লেখ্য, আগামী ২০২১ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষ উদযাপিত হবে। একই বছরে উদাযাপন করা হবে বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপনের লক্ষ্যে পরিকল্পনা প্রণয়নের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট একই বিশ্ববিদ্যালয়ের প্রো-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. নাসরীন আহমাদকে আহ্বায়ক ও আর্থ এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামালকে সদস্য সচিব করে ২১ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
কমিটির অন্যান্য সদস্যগণ হলেন : এমিরিটাস অধ্যাপক ড. আনিসুজ্জামান; সাবেক উপাচার্য ও এমিরিটাস অধ্যাপক ড. এ কে আজাদ চৌধুরী; এমিরিটাস অধ্যাপক ড. সিরাজুল ইসলাম চৌধুরী; কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. কামাল উদ্দীন; বিজ্ঞান অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজনেস স্টাডিজ অনুষদ ও জীববিজ্ঞান অনুষদের ডিনবৃন্দ; অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ; অধ্যাপক (অবসরপ্রাপ্ত) অজয় কুমার রায়; অধ্যাপক ড. মাহবুবুল মোকাদ্দেম; বাংলা একাডেমির মহাপরিচালক এ কে এম শামসুজ্জামান খান; বাংলাদেশ ডায়বেটিক সমিতির সভাপতি অধ্যাপক ডা. এ কে আজাদ খান; বিশিষ্ট নাট্যব্যক্তিত্ব রামেন্দু মজুমদার; ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ও সিন্ডিকেট প্রতিনিধি, ঢাকা ইউনিভার্সিটি অ্যালামনাই এসোসিয়েশনের প্রতিনিধি ও ছাত্র প্রতিনিধি। ডাকসু নির্বাচনের মাধ্যমে পরবর্তীতে ছাত্র প্রতিনিধি সংযুক্ত করা হবে।
উক্ত কমিটির প্রথম সভা গত ৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের উপাচার্যের অফিস সংলগ্ন লাউঞ্জে অনুষ্ঠিত হয়। সভায় প্রারম্ভিক বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান একুশ শতাব্দীর বৈশ্বিক চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যাওয়ার জন্য সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন। তিনি বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শতবর্ষপূর্তি উপলক্ষে যে সুযোগ সৃষ্টি হয়েছে তা যথাযথভাবে কাজে লাগানোর মাধ্যমে এবং শিক্ষা ও গবেষণা কার্যক্রম উচ্চমানসম্পন্ন করে গড়ে তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়কে বিশ্বমানে নিয়ে যাওয়া সম্ভব।
পরবর্তীতে গত ১৫ মার্চ অনুষদসমূহের ডিন, হল ও হোস্টেলসমূহের প্রাধ্যক্ষ ও ওয়ার্ডেনবৃন্দ, বিভাগীয় চেয়ারম্যান ও ইনস্টিটিউটের পরিচালকবৃন্দ এবং গত ৫ এপ্রিল সিনেট (রেজিস্টার্ড গ্র্যাজুয়েট ও শিক্ষক প্রতিনিধি) ও সিন্ডিকেট সদস্যদের নিয়ে আরও দু’টি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ডিনবৃন্দ, সকল বিভাগীয় চেয়ারম্যান, ইনস্টিটিউটের পরিচালক ও প্রাধ্যক্ষবৃন্দ শতবর্ষপূর্তি ও মহান স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদ্যাপন উপলক্ষে বিভিন্ন প্রস্তাবনা উপস্থাপন করেন।
মাস্টারি সংবাদ মাস্টারি সংবাদে আপনাকে স্বাগতম